ব্যাংকক, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যারা একের পর এক দুর্ভাগ্যের শিকার হচ্ছেন এবং এ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এক অভিনব পথ বাতলে দিয়েছে থাইল্যান্ডের একটি মন্দির। আর তা হচ্ছে মৃত্যুর মহড়া।
সৌভাগ্য প্রত্যাশীদের কফিনে শুইয়ে ভুয়া শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে এ মৃত্যুর মহড়া। আর এতেই শুভদিন ফিরবে, নতুন জীবন শুরু হবে বলে বিশ্বাস করে থাইরা।
ব্যংককের ১০৭ কিলোমিটার উত্তর-পূর্বে নাকর্ন নায়ক প্রদেশের 'প্রাম মানী' মন্দিরে মৃত্যুর এ মহড়া হয় প্রতিদিন।
থাইল্যান্ডে নয় সংখ্যাটিকে শুভ সংখ্যা হিসেবে ধরা হয়। তাই প্রতিদিন ঠিক সকাল ৯ টা ৯ মিনিটে এবং দুপুর ১ টা ৯ মিনিটে সৌভাগ্য ফিরিয়ে আনতে মৃত্যুর মহড়া চলে।
মহড়ায় অংশগ্রহণকারীরা কফিনের সামনে দাঁড়িয়ে ফুল হাতে দুর্ভাগ্য দূর হয়ে যাওয়ার জন্য প্রার্থনার মধ্য দিয়ে সৌভাগ্য আবাহন করে।
পূণ্যার্থীরা ফুলের জন্য ৬ ডলার, সাদা থান কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ ও খাবারসহ বিভিন্ন উপকরণ সন্ন্যাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করে এবং সুস্থ জীবনযাপনের প্রতিজ্ঞা করে।
মহড়ার বর্ণনা দিয়ে সন্ন্যাসী রিন মানাবুম জানান, অশুভ সবকিছু ধুয়েমুছে দেওয়ার জন্য প্রথমে আমরা 'মৃতের' জন্য প্রার্থনা করি। সন্ন্যাসী যখন কফিনের উপর একটি কাপড় বিছিয়ে দেন তখনই সব অশুভ দূর হয়ে যায়।
কাপড় বিছানোর পর সন্ন্যাসী আবার সেটি টেনে তোলেন। তারপর আবার কফিনের ওপর কাপড়টি বিছিয়ে দেন। যেনো কাপড়টি আবার বিছিয়ে দেওয়ার মধ্য দিয়ে সব সৌভাগ্য ফিরিয়ে আনা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৭ঘ.
bdnews24