ব্রাসেলস, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোজোনের বড় দেশগুলোর ঋণসঙ্কট এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবারো মন্দাদশায় ফিরে যাওয়ার আশঙ্কা বাড়তে থাকায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে।
ইউরোজোনের বৃহত্তম দেশ ইতালি এবং স্পেনের ঋণসঙ্কট সামাল দিতে ব্যর্থ হওয়ার আশঙ্কার মুখে শুক্রবার ২য় দফায় ধস নামে ইউরোপের শেয়ার বাজারে। প্রধান প্রধান সূচকগুলো ৪ শতাংশ নেমে যায়। ১৪ মাসের মধ্যে ইউরোপের শেয়ারে এটাই সবচেয়ে বড় ধস।
ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে অর্থনীতি পুনরুদ্ধারে ধীরোগতির কারণে ২ বছরের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে বড় ধস নামে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে। এর ছোঁয়া লেগেছে এশিয়ার শেয়ার বাজারেও। এশিয়ার শেয়ারের মূল্য পড়ে গেছে ৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রে ঋণসীমা বাড়ানো নিয়ে বিতর্কে পর বাজেট কাটছাঁট করা নিয়ে এখনো মার্কিন কংগ্রেসে মতানৈক্যের আশঙ্কা থাকায় এবং ইউরোপের ঋণসঙ্কট সামাল দেওয়া নিয়ে দ্বিধাদন্দ্বের কারণে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়াতে বিশ্বজুড়ে শেয়ার বাজারে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শেয়ার বাজারে ধস ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য রাজনীতিবিদদের দুষছেন বিশ্লেষকদের অনেকেই।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ঘ.
bdnews24