কাম্পালা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উগান্ডার কারামোজা অঞ্চলে প্রায় ২ কোটি বছর আগের উল্লুকের মাথার খুলির জীবাশ্ম পাওয়া গেছে।
উগান্ডা ও ফরাসি বিজ্ঞানীদের একটি দল কারামোজায় লুপ্ত হয়ে যাওয়া একটি আগ্নেয়গিরি স্থলে জীবাশ্ম খুঁজতে গিয়ে ১৮ জুলাই উল্লুকের ওই খুলির সন্ধান পায়।
প্যারিসের 'দ্য ফ্রান্স' কলেজের জীবাশ্মবিদ মার্টিন পিকফোর্ড এক সাংবাদিক সম্মেলনে বলেন, "এই প্রথম এতো বছর আগের একটি উল্লুকের পূর্ণাঙ্গ করোটি পাওয়া গেল। এ জীবাশ্ম খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি আরো বলেন, জীবাশ্মটি প্রাথমিকভাবে পরীক্ষা করে উল্লুকটি গাছে-চড়া প্রজাতির বলে মনে হয়েছে।
মারা যাওয়ার সময় এটির বয়স ছিলো আনুমানিক ১০ বছর। এর মাথার আকৃতি শিম্পাঞ্জির মতো এবং মগজের আকৃতি বেবুনের মগজের সমান।
খুলিটি এক্সরে করে দেখার জন্য প্যারিসে নেয়া হবে এবং পরে আবার উগান্ডায় ফেরত পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৬ঘ.
bdnews24