আম্মান, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামা শহরে দমনাভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। বুধবার তৃতীয় দিনের মতো হামায় হামলা চালিয়েছে সেনারা।
অধিবাসীরা জানিয়েছে, হামার কেন্দ্রস্থলে ওরনটেস স্কয়ার ঘিরে রেখেছে ট্যাংক। বিচ্ছিন্ন করে হয়েছে সব ধরনের যোগাযোগ।
এর আগে মানবাধিকার সংস্থাগুলোর হিসাবমতে, সিরিয়ায় সোম ও মঙ্গলবার সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ২৭ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই হামার অধিবাসী।
সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে রোববার থেকে ট্যাংকসহ সেনারা হামলা চালাচ্ছে হামায়। রোববার নিহত হয় ৮০'রও বেশি মানুষ।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীদের ভাষ্যানুযায়ী, গত তিনদিনে সরকারী বাহিনীর হামলায় সিরিয়াজুড়ে কমপক্ষে ১৩৭ জন নিহত হয় এরমধ্যে কেবল হামাতেই নিহত হয় ৯৩ জন।
রমজানের শুরু থেকেই সিরিয়ার বিভিন্নস্থানে হামার নির্যাতিত বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
১৯৮২ সালে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট থাকাকালে হামায় সরকার বিরোধী প্রবল আন্দোলনে ছড়িয়ে পড়ে সিরিয়ায়। আন্দোলন দমনে হাফেজ আল আসাদের অনুগত সরকারী বাহিনী বল প্রয়োগ করলে শহরটির হাজার হাজার বাসিন্দা নিহত হয়।
এখন চলতি গণতান্ত্রিক বিক্ষোভ দমনে ছেলে বাশার আল আসাদের কঠোর অবস্থান থেকে ধারণা পাওয়া যাচ্ছে তিনিও বাবার পথ অনুসরণ করছেন।
চলতি বছরের গত পাঁচ মাসে রাজনৈতিক স্বাধীনতার দাবিতে অনেকগুলো আরবদেশের জনতা সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে।
হামার এ সংকটে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। হামায় হামলা বন্ধ করার জন্য সিরিয়া সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।
তবে, মঙ্গলবার পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো হামলার নিন্দা জানানোর ভাষ্য নিয়ে একমত হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৬ঘ.
bdnews24