কায়রো, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার কায়রোতে স্থাপিত বিশেষ আদালতে শুরু হয়েছে। এই বিচার কার্যক্রম রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
টেলিভিশনে দেখা যায়, মুবারক সাদা পোশাক পরিহিত অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছেন। বিচারকের এজলাস থেকে কিছুটা দূরবর্তী অপর কক্ষে মুবারক অবস্থান করছেন। ওই কক্ষটি লোহার রড দিয়ে ঘেরা।
এর আগে মিসরের সিনাই উপদ্বীপের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শারম আল শেখের হাসপাতাল থেকে তাকে কায়রো নেওয়া হয়। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
কায়রোর এক পুলিশ একাডেমিতে ওই বিশেষ আদালত স্থাপিত হয়েছে।
আবর বিশ্বের ক্ষমতা হারানো প্রথম শাসক মুবারক যাকে বিচারের মুখোমুখি করা হলো। ক্ষমতা ছাড়ার ৬ মাসের মাথায় মুবারককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো।
এরআগে, সৌদি আরবে পালিয়ে থাকা তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলিকে তার অনুপস্থিতে বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়।
গত ফেব্র"য়ারিতে ক্ষমতা হারানোর পর থেকে শারম আর শেখের অবকাশ কেন্দ্রে ছিলেন মুবারক। অসুস্থতাজনিত কারণে পরবর্তী সময়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিচারের মুখোমুখি করার জন্য সেখান থেকেই মুবারককে কায়রো নেওয়া হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সসহ একটি মোটর বহর শারম আল শেখের বিমানবন্দরের উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ সিনাইয়ের নিরাপত্তা প্রধান মোহাম্মদ নাগিব রয়টার্সকে জানান, "শারম আল শেখের হাসপাতাল ত্যাগ করেছেন মুবারক।"
বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও পুলিশ একাডেমিতে স্থাপিত বিশেষ আদালতে ৮৩ বছর বয়ষ্ক মুবারক উপস্থিত হবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।
সরকার বিরোধীবিক্ষোভ চলাকালে নিহত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে বিচার হবে তৎকালীন প্রেসিডেন্ট মুবারকের।
আদালতের বাইরে উপস্থিত মানুষেরা যেন মুবারকের বিচার কার্যক্রম সরাসরি দেখতে পারেন সেজন্য একটি বিশাল পর্দা (জায়ান্ট স্ক্রিন) টানানো হয়েছে।
এখানে মুবারক বিরোধীরা যেমন সমবেত হয়েছে তেমনি মুবারকপন্থীরাও সমবেত হয়েছে। দুপক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
মুবারকের বিচারকে কেন্দ্র করে কায়রোর স্বাধীনতা চত্বরসহ প্রধান প্রধান এলাকাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
১৯৮১ সালে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আততায়ীর গুলিতে নিহত হলে মিসরের ক্ষমতায় আসীন হন সাবেক বিমানবাহিনী প্রধান হোসনি মুবারক। তখন থেকে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করার আগ পর্যন্ত (১১ ফেব্র"য়ারি ২০১১) ৩০ বছর প্রেসিডেন্ট হিসেবে প্রবল প্রতাপে দেশ শাসন করেন মুবারক।
তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে বিরোধীদের নিশ্চিহ্ন করে ফেলা, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়। যার মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধ হচ্ছে, ১৮ দিনব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ৮৫০ জন আন্দোলনকারীকে হত্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩২ ঘ.
bdnews24