হংকং, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার প্রভাবে ছোট হয়ে আসছে হিমালয়ের তিনটি হিমবাহ।
হিমবাহ তিনটির মধ্যে মধ্য ও পূর্ব নেপালের আর্দ্র অঞ্চলে অপেক্ষাকৃত কম উচ্চতায় থাকা দুটি হিমবাহ ভবিষ্যতে হারিয়েও যেতে পারে।
প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে জাপানের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
গ্লোবাল পজিশনিং সিস্টেম ও কম্পিউটার সিম্যুলেশন মডেল ব্যবহার করে তারা দেখতে পান যে, দুটি হিমবাহের গলনের পরিমাণ সত্তর দশক ও আশির দশকের তুলনায় গত দশ বছরে অনেক বেড়েছে। আর্দ্র অঞ্চলের এই দুটি হিমবাহের মধ্যে 'ইয়ালা' মধ্য নেপালে ও অপরটি 'এএক্স০১০' পূর্ব নেপালে অবস্থিত।
জাপানের নাগোইয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক ও প্রকাশিত নিবন্ধের সহলেখক কোজি ফুজিতা জানান, গত দশ বছরে প্রতিবছর ইয়ালার জমাট বরফ দশমিক আট মিটার (২ দশমিক ৮ ফুট) হারে আর এএক্স০১০ এর জমাট বরফ দশমিক ৮ মিটারেরও বেশি হারে হ্রাস পাচ্ছে।
এই ধারা ১৯৭০ সাল থেকে ৯০ সাল পর্যন্ত দুটি হিমবাহের হ্রাস পাওয়ার হার থেকে বেশি। ওই সময় হিমবাহ দুটির হ্রাস পাওয়ার হার ছিল, ইয়ালার দশমিক ৬৮ মিটার ও এএক্স০১০'র দশমিক ৭২ মিটার।
"এলাকাটির উষ্ণতা ইয়ালা এবং এএক্স'র অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই হিমবাহের জমাট বরফ হ্রাস পাওয়ার হার বেড়ে যাচ্ছে," টেলিফোনে রয়টার্সকে বলেন ফুজিতা।
"এই হারে হ্রাস পেতে পেতে ইয়ালা আর এএক্স একসময় হারিয়ে যাবে, তবে সেটা কবে হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটা নির্দিষ্ট করে বলার জন্য আমাদের কিছু পর্যবেক্ষণ ও কিছু হিসাবনিকাশ করতে হবে," বলেন ফুজিতা।
হিমালয় একটি বিশাল পর্বতমালা। প্রায় ১৫ হাজার হিমবাহ ও বিশ্বের বেশ কয়েকটি উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে হিমালয়ে। যার মধ্যে ৮,৮৪৮ মিটার উচু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কে-টু রয়েছে।
জলবায়ু পরিবর্তন ও আর্দ্রতা তো আছেই এর সাথে উচ্চতাও হিমবাহের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
পশ্চিম নেপালের শুষ্ক অঞ্চলে অবস্থিত রিখা সিম্বা হিমবাহটিও ১৯৭০ সালের পর থেকে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু গত শতকের সত্তর ও আশির দশকের তুলনায় গত দশ বছরে এ হিমবাহটির ছোট হয়ে যাওয়ার হার কমেছে। হ্রাস পাওয়ার আগের হার ছিল দশমিক ৫৭ মিটার আর গত দশ বছরে এটি দশমিক ৪৮ মিটারে নেমে এসেছে।
এর কারণ রিখা সিম্বা হিমবাহটি ৫ হাজার ৭শ' মিটার উচ্চতায় অবস্থিত। এর ফলে যে পরিমাণ বরফ এটি হারায় তা তুষারপাতের মাধ্যমে পূরণ করারও সুযোগ পায়, বলেন ফুজিতা।
"কিন্তু ইয়ালা ও এএক্স'র ক্ষেত্রে বিষয়টি হচ্ছে, ওই দুটি হিমবাহ তুলনামূলক কম উচ্চতায় অবস্থিত। ফলে এরা তুষারপাতের মাধ্যমে তাদের ঘাটতি পূরণ করতে পারে না। এতে হ্রাস পাওয়ার হার বাড়তেই থাকে," জানান ফুজিতা।
হিমবাহ ইয়ালা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৪শ' মিটার উচ্চতায় এবং এএক্স ৫ হাজার ২শ' মিটার উচ্চতায় অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৮ ঘ.
bdnews24