জাতিসংঘ, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। সোমালিয়ার আরো ৬ টি অঞ্চল অচিরেই দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সোমবার সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক এক কর্মকর্তা।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সমন্বয়ক ভ্যালেরি আমোস সাংবাদিকদের বলেছেন, "কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া এবং জিবুতি মিলিয়ে প্রায় ১২ দশমিক ৪ মিলিয়ন মানুষ সাহায্যের অপেক্ষায় আছে এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।"
জাতিসংঘ ইতোমধ্যেই সোমালিয়ার দক্ষিণের দুটি অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। ওই অঞ্চলে অনাহারে আছে ৩৭ লাখ মানুষ। কিন্তু সেখানে ত্রাণ সরবরাহে বিদ্রোহীরা বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
দুর্ভিক্ষের পাশাপাশি সহিংসতা থেকে বাঁচতে কেনিয়ায় পালাচ্ছে দলে দলে সোমলি। দুর্গতদের সহায়তায় বড় ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে না পারলে দুর্ভিক্ষ আরো ৫/৬ টি অঞ্চলে ছড়িয়ে পড়বে, বলেন আমোস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ঘ.
bdnews24