২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়ার সহিংসতায় নিন্দা প্রস্তাব পর্যালোচনা'

সিরিয়ায় সরকারি বাহিনীর বর্বরতার প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘে স্থগিত একটি খসড়া নিন্দা প্রস্তাব পুনরুজ্জীবিত করতে চাচ্ছে ইউরোপীয় রাষ্ট্রগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

জাতিসংঘ, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় সরকারি বাহিনীর বর্বরতার প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘে স্থগিত একটি খসড়া নিন্দা প্রস্তাব পুনরুজ্জীবিত করতে চাচ্ছে ইউরোপীয় রাষ্ট্রগুলো। সোমবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বিষয়টি পুনরায় আলোচিত হয়েছে। ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর কয়েকজন কূটনীতিক জানান, সিরিয়া বিষয়টি বেশ কয়েকমাস নিরাপত্তা পরিষদে স্থবির ছিল। তবে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় পরিষদের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তবে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ পশ্চিমা সমর্থিত খসড়া প্রস্তাবনা গ্রহণ করবে, নাকি কম বাধ্য বাধকতার কোনো বিবৃতির দিকে ঝুঁকবে সে ব্যাপারে কূটনীতিকরা কোনো সমঝোতায় আসতে পারেন নি। রোববার সিরীয় শহর হামায় সরকারি বাহিনীর দমনাভিযানে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংস্থা জানায়। এরপরই জার্মানির অনুরোধে নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ায় প্রায় পাঁচ মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ চলছে। হামায় সোমবারও সরকারি বাহিনীর দমনাভিযান চলেছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছে। দুই মাস আগে ইউরোপীয় রাষ্ট্রগুলো সিরিয়ার দমনপীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করে। তবে রাশিয়া ও চীনের ভেটো হুমকির পর তা আর আলোর মুখ দেখে নি। এছাড়া নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ব্রাজিল, ভারত, লেবানন ও দক্ষিণ আফ্রিকাও এতে সম্মতি না দেয়ার কথা জানায়। সমালোচকেরা বলছেন জাতিসংঘে সাধারণ একটি নিন্দা প্রস্তাবও লিবিয়ার মতো সিরিয়ায়তেও পশ্চিমা সেনা আগ্রাসনের প্রথম পদক্ষেপ হতে পারে। তবে জাতিসংঘে নিয়োজিত মার্কিন দূত সুসান রাইস একে 'গুজব' বলে আখ্যায়িত করে জানান, প্রস্তাবনায় এমন কিছু নেই। কূটনীতিকরা আরো জানান, জাতিসংঘ রাজনৈতিক বিভাগের প্রধান অস্কার ফার্নান্দেজ তারানকো সিরিয়া বিষয়ে বিবৃতি দেয়ার পর নিরাপত্তা পরিষদের সদস্যরা এ বিষয়ে কথা বলেন। তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে মঙ্গলবার পর্যন্ত আলোচনা স্থগিত করেছে পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২৪ ঘ.