২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক প্রধান নিয়োগের পথে তুরস্ক

তুরস্কের সরকার দেশটির নতুন সামরিক প্রধান নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের সরকার দেশটির নতুন সামরিক প্রধান নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী এরদোগান ও তার মিত্র প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের পছন্দ অনুযায়ী সামরিক প্রধান নিয়োগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এরআগে সামরিকপ্রধানসহ সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান পদত্যাগ করলে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল সেনা বাহিনীর প্রধান হিসেবে জেনারেল নিকদেত ওজেলকে নিয়োগ দেন বলে বিবিসি জানায়। তুর্কি প্রধানমন্ত্রী তায়িপ এরদোগানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সেনা বাহিনীর ২ শ' ৫০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তারে ক্ষুদ্ধ হয়ে গত সপ্তায় দেশটির সামরিকপ্রধানসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান পদত্যাগ করেন। সেনা বাহিনীর মধ্যে একটি গোষ্ঠী এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করছিল বলে সরকারের অভিযোগ। কিন্তু বরাবরই তা অস্বীকার করে আসছে সেনা বাহিনী। এ নিয়ে গত দুই বছর এরদোগানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন একে পার্টি ও সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা বাক্যুদ্ধ হয়। ২০০৩ সালে একটি সেনা সেমিনারে এরদোগানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর থেকে সেনা বাহিনী ও এরদোগান সরকারের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের সূত্রপাত। ওই সেমিনারের জের ধরে ২শ' ৫০ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেনা কর্মকর্তারা জানান, 'স্লেজহ্যামার' শীর্ষক ওই সেমিনার ছিল নিছক যুদ্ধের মহড়া সংক্রান্ত। কিন্তু একে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে প্রমাণাদি বানানো হয়েছে বলে তারা দাবি করেন। ওই সেনা কর্মকর্তারা বর্তমানে কারাগারে আটক রয়েছে। এদের মধ্যে ১৭৩ জন সেনাবাহিনীতে কর্মরত এবং ৭৭ জন অবসরপ্রাপ্ত। আটক সেনা কর্মকর্তাদের বিষয় নিয়ে সামরিক বাহিনীর প্রধান আইসিক কোসেনার ও প্রধানমন্ত্রী তাইপ এরদোগানের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। কিন্তু এতে করে তাদের মধ্যকার মতপার্থক্য দূর না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় সেনা, নৌ ও বিমান প্রধানের সঙ্গে কোসেনারও পদত্যাগ করেন। ফলে দেশটিতে এখন সামরিক প্রধানের পদ শূন্য রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এরদোগান সেনা বাহিনীর পদোন্নতি সংক্রান্ত চারদিনের বৈঠক সম্পন্ন করেছেন। নৌ ও বিমান বাহিনী প্রধান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে কি না, এ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয় নি। তবে জেনারেল ওজেলকেই আইসিক কোসেনারের স্থলাভিষিক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা ঐতিহ্যগতভাবে তুরস্কে সশস্ত্র বাহিনীর প্রধানই সামরিক প্রধান হয়ে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিপেঅর ডটকম/সিআর/১১১১ ঘ.