২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ সঙ্কট: চুক্তির দ্বারপ্রান্তে মার্কিন আইনপ্রণেতারা

যুক্তরাষ্ট্রে ঋণসঙ্কট কাটাতে রোববার শেষ মুহূর্তের চেষ্টায় ঋণসীমা বাড়ানো নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে আইনপ্রণেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ঋণসঙ্কট কাটাতে রোববার শেষ মুহূর্তের চেষ্টায় ঋণসীমা বাড়ানো নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে আইনপ্রণেতারা। এর মধ্য দিয়ে সরকারের বিভিন্ন বিল ও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার বিপর্যয় কাটিয়ে ওঠার আশা জেগে উঠেছে। রিপাবলিকান সিনেট নেতা মাইক ম্যাকনেল বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর আমরা ৩ ট্রিলিয়ন ডলার চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। ডেমোক্র্যাট অধুষ্যিত সিনেটে ঋণসীমা বাড়ানো নিয়ে ভোট শুরুর আগেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর তা হয়ে গেলে মঙ্গলবার ঋণসীমা বাড়ানোর সময়সীমার আগেই রিপাবলিকান অধুষ্যিত প্রতিনিধি পরিষদে নতুন করে ভোট অনুষ্ঠানের পথ প্রশস্ত হবে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা হোয়াইট হাউসের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া আলোচনা নতুন করে শুরু করার পর ঘাটতি কমানো নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্যাকেজের ব্যাপারে মতৈক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে চুক্তি এখনো হয়নি বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ২ আগস্টের মধ্যে ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে আরো বাড়াতে না পারলে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন খাতে বিলসহ ঋণের কিস্তি পরিশোধ করতে পারবে না। অর্থনীতির জন্য তা হবে বিপর্যয়কর। রাজকোষের নগদ অর্থ ফুরিয়ে দেশ আবারো ফিরে যাবে অর্থনৈতিক মন্দাদশায়। এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব বাজারে। ওদিকে, ক্রেডিট রেটিংয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে যাবে নীচে। বাজেট ঘাটতি কমানোর সবচে ভালো উপায় কি হতে পারে তা নিয়েই মূলত বিরোধ চলে আসছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে। যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে নিয়মিতই বাড়লেও এ বছর এতে বাধ সাধে রিপাবলিকানরা। বাজেট ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ না কমিয়েই ঋণ বাড়ানোর বিরোধী কট্টর রিপাবলিকানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৩ঘ.