উত্তরপূর্ব জাপানে আবারো ভূমিকম্প
জাপানের উত্তরপূর্বাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
টোকিও, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের উত্তরপূর্বাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের স্থানীয় সময় রোববার ভোররাত ৩ টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৫৪ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে জানা গেছে।
ভূমিকম্পে জাপানের ওই অঞ্চল প্রবলভাবে কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উপকেন্দ্রটি ফুকুশিমা জেলার সংলগ্ন উপকূলেই ছিলো। তবে কোনো সুনামি সৃষ্টি করেনি।
ভূমিকম্পের পর ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি।
ফুকুশিমা ও পাশের মিয়াগি জেলার পুলিশ জানিয়েছে, ক্ষয়ক্ষতি বা কারো আহত হওয়ার সংবাদ তারা পায়নি।
জাপানে ভূমিকম্প খুব স্বাভাবিক ঘটনা। কারণ জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। বিশ্বের ৬ মাত্রার ওপরের ভূমিকম্পের ২০ শতাংশ জাপানেই হয়ে থাকে।
গত ১১ মার্চ জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প প্রত্যক্ষ করে জাপানবাসী। ৯ মাত্রার ওই ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটির উত্তরপূর্বাঞ্চলে।
এতে ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনার পর গত ২৫ বছরে বিশ্বের সবচেয়ে মারাত্মক পরমাণু দুর্ঘটনার শিকার হয় জাপান। এতে দেশটির ২৩ হাজার নাগরিক নিহত বা নিখোঁজ হয়।
আর আর্থিক ক্ষতির হিসেবে ওই ঘটনা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১০১৬ ঘ.
