২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি তালেবানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তান ভিত্তিক তালেবান গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 06:23 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

জাতিসংঘ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তান ভিত্তিক তালেবান গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, আল কায়েদার কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও তাদের গতিবিধি নিয়ে কর্মরত নিরাপত্তা পরিষদের একটি কমিটি পাকিস্তানভিত্তিক ওই সংগঠনটির সদস্যদের সম্পদ জব্দ, ভ্রমণ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উর্দু ভাষায় এ সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। নিরাপত্তা পরিষদ বেশ কয়েকজন ব্যক্তি ও সংগঠনের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ছোট ছোট বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে ২০০৭ সালে টিটিপি প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী আদিবাসী এলাকাগুলোতে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আর এর নেতৃত্বে রয়েছেন হাকিমুল্লাহ মেহসুদ। যেসব ব্যক্তির ওপর ইতোমধ্যে নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে মেহসুদও রয়েছেন। গত বছর নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলা প্রচেষ্টার পেছনে এই সংগঠনটি রয়েছে বলে মনে করা হয়। এছাড়া ২০০৯ সালে লাহোরে পুলিশ একাডেমিতে হামলায় নয়জন ক্যাডেট নিহত ও দুই মাস আগে করাচির নৌবাহিনীর ঘাঁটিতে হামলাসহ পাকিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের হামলার দায় স্বীকার করেছে টিটিপি। একই বছরে আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালানোর কথাও স্বীকার করেছে তারা। এ হামলায় সিআইএ'র সাত সদস্য নিহত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরো জানানো হয়, টিটিপি ছাড়াও রাশিয়ার উত্তর ককেশাস ভিত্তিক ইসলামি বিদ্রোহী গোষ্ঠী ককেশাস এমিরেটের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার শীর্ষ ইসলামি জঙ্গি দোকু উমারোভের নেতৃত্বে ২০০৭ সালে ককেশাস এমিরেট প্রতিষ্ঠিত হয়। চলতি বছরের জানুয়ারিতে মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ককেশাস এমিরেট। এ হামলায় ৩৭ জন নিহত হয়। দোকু উমারোভ এই হামলার মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হয়। উমারোভের মাথার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১৪ ঘ.