২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে শীর্ষ চার সামরিক কর্মকর্তার পদত্যাগ

তুরস্কের সামরিক প্রধানসহ নৌ, বিমান ও সশস্ত্র বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 03:50 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ইস্তাম্বুল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের সামরিক প্রধানসহ নৌ, বিমান ও সশস্ত্র বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন। তুর্কি প্রধানমন্ত্রী তায়িপ এরদোগানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সেনা বাহিনীর ২ শ' ৫০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই চার শীর্ষ কর্মকর্তা পদ থেকে সরে দাঁড়ান। এ নিয়ে দেশটির সামরিক বাহিনীর প্রধান আইসিক কোসেনার ও প্রধানমন্ত্রী তাইপ এরদোগানের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। কিন্তু এতে করে তাদের মধ্যকার মতপার্থক্য দূর না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় সেনা, নৌ ও বিমান প্রধানের সঙ্গে কোসেনারও পদত্যাগ করেন। বিদায়ী বার্তায় সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে কোসেনার জানান, ভ্রান্ত বিচার ব্যবস্থায় আটক সেনাদের মানবাধিকার রক্ষা করতে না পারায় তার পক্ষে সামরিক প্রধানের পদে থাকা সম্ভব নয়। ২০০৩ সালে একটি সেনা সেমিনারে এরদোগানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে ওই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। আটক সেনা কর্মকর্তারা জানান, 'স্লেজহ্যামার' শীর্ষক ওই সেমিনার নিছক যুদ্ধের মহড়া আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে প্রমাণাদি বানানো বলে দাবি করেছে। ওই সেনা কর্মকর্তারা বর্তমানে কারাগারে আটক রয়েছে। এদের মধ্যে ১৭৩ জন সেনাবাহিনীতে কর্মরত এবং ৭৭ জন অবসরপ্রাপ্ত। তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল দ্রুত সেনা বাহিনীর প্রধান হিসেবে জেনারেল নিকদেত ওজেলকে নিয়োগ দিয়েছে বলে বিবিসি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, জেনারেল ওজেলকেই আইসিক কোসেনারের স্থলাভিষিক্ত করা হবে। ঐতিহ্যগতভাবে তুরস্কে সশস্ত্র বাহিনীর প্রধানই সামরিক প্রধান হয়ে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিপেঅর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ ঘ.