নিউ ইয়র্ক, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার নববধূ কেটকে নিয়ে কমিক বই প্রকাশের পর এবার এ ধরনেরই একটি বইয়ের কেন্দ্রীয় চরিত্রে আসছেন যুবরাজ হ্যারি।
আগামী অগাস্টেই 'দ্য রয়ালস: প্রিন্স হ্যারি' নামের বইটি প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে প্রকাশক সংস্থা ব্লুওয়াটার পাবলিশার্স।
যুক্তরাষ্ট্রের এ প্রকাশনা সংস্থা এর আগে 'দ্য রয়ালস: প্রিন্স উইলিয়াম অ্যান্ড কেট মিডলটন' নামের বই বের করে। গত এপ্রিলে কেট ও উইলিয়ামের বিয়ের সময় বইটি প্রকাশিত হয়।
তার জীবনীর ওপর লেখা এ বই প্রকাশের মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারির নাম যোগ হতে যাচ্ছে দেশটির জনপ্রিয় সব মানুষের তালিকায়। পপ তারকা লেডি গাগা, জাস্টিন বিবের ও ডেভিড বেকহ্যামের মতো তারকার পাশে থাকবে তার নাম।
এদের প্রত্যেকের জীবন কাহিনী নিয়ে কমিক বই প্রকাশ করেছে ব্লুওয়াটার পাবলিশার্স।
এক বিবৃতিতে প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, শৈশবে মা প্রিন্সেস ডায়ানা ও বাবা প্রিন্স চার্লসের সঙ্গে বেড়ে ওঠার সময়ের বিভিন্ন ঘটনা থেকে শুরু করে তার বেপরোয়া পার্টিতে অংশগ্রহণ এবং সামরিক বাহিনীতে অবস্থানের সময়কার অভিজ্ঞতার নানা ঘটনা এ বইয়ে তুলে আনা হবে।
সংস্থাটি জানায়, হ্যারির জীবনের নানা ঘটনা ৩২ পৃষ্ঠার একটি কমিক বই ও চিত্রসম্বলিত একটি বিশেষ উপন্যাসে উঠে আসবে। সেগুলো ২৪ অগাস্ট থেকে বইয়ের দোকান ও অনলাইনে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/২২২৪ ঘ.
bdnews24