২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় নিহতদের সমাহিত করছে নরওয়ে

বোমা ও বন্দুক হামলার এক সপ্তাহ পর নিহতদের সমাহিত করছে নরওয়ে। ক্ষমতাসীন লেবার পার্টির যুবসমাবেশে বন্দুক হামলায় নিহতদের শেষকৃত্যে যোগ দিয়েছেন নরওয়ের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

অসলো, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বোমা ও বন্দুক হামলার এক সপ্তাহ পর নিহতদের সমাহিত করছে নরওয়ে। ক্ষমতাসীন লেবার পার্টির যুবসমাবেশে বন্দুক হামলায় নিহতদের শেষকৃত্যে যোগ দিয়েছেন নরওয়ের নেতারা। অসলোর কেন্দ্রস্থলে একটি হল-এ লাল গোলাপ নিয়ে নিহতদের শোকার্ত আত্মীয়স্বজনদের সঙ্গে শামিল হন তারা। নিহতদের 'বীর' আখ্যা দেন প্রধানমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ। তিনি আবারো বলেন, নরওয়ে আরো গণতন্ত্রের মধ্য দিয়ে হামলার জবাব দেবে। গত সপ্তাহে শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণ এবং এর কয়েক ঘন্টা পর উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুবদলের কর্মীশিবিরে নির্বিচার গুলিবর্ষণ করে ৮৬ জনকে হত্যা করেন অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক। পুলিশ ব্রেইভিককে জিজ্ঞাসাবাদ করছে। ওদিকে, নিহত সবার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত ৪১ জনের নাম প্রকাশ করা হয়েছে। বাদবাকীদের নাম শুক্রবারেই প্রকাশ করার কথা জানানো হয়েছে। এদিন শেষকৃত্য শুরুর পর প্রথমেই অসলোর দক্ষিণে নেসোদেন এলাকায় সমাহিত করা হয়েছে ১৮ বছর বয়সী বানো রাশিদকে। তার শেষকৃত্যে যোগ দেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। উটোইয়া দ্বীপে লেবার পার্টির যুবসমাবেশে বন্দুক হামলায় নিহত হয় রাশিদ। ১৯৯৬ সালে ইরাকের কুর্দিস্থান থেকে নরওয়েতে পাড়ি জমায় তার পরিবার। রাশিদের পর বন্দুক হামলার শিকার আরেকজন ১৯ বছর বয়সী ইসমাইল হাজি আহমেদকে দক্ষিণ-পশ্চিমের হামার শহরে সমাহিত করা হবে। গত সপ্তাহের ওই হামলায় উটোইয়ার যুবসমাবেশেই নিহতের সংখ্যা বেশি। আর বোমা হামলায় নিহতের সংখ্যা মাত্র ৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ঘ.