২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বিদ্রোহীদের সামরিক প্রধান নিহত

লিবিয়ার বিদ্রোহীদের সামরিক প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ ইউনেস নিহত হয়েছেন। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 03:50 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

নালুত/বেনগাজি, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের সামরিক প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ ইউনেস নিহত হয়েছেন। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিদ্রোহীদের অন্তর্র্বতীকালীন জাতীয় পর্ষদ (টিএনসি) বৃহস্পতিবার দিনের শেষভাগে আবদেল ফাত্তাহ ইউনেসের মৃত্যুর খবর জানায়। ফেব্রুয়ারিতে বিদ্রোহীদের পক্ষে যোগ দেওয়ার আগ পর্যন্ত জেনারেল আবদেল ফাত্তাহ ইউনেস গাদ্দাফি সরকারের অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে অনেক বছর কাজ করেছেন। তিনি বিদ্রোহীদের একটি গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন। এই হত্যাকা-ের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। টিএনসি প্রধান মুস্তাফা আবদুল জলিল জানান, জেনারেল ইউনেসকে সামরিক অভিযান সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার আগেই দুই সহযোগীসহ তিনি নিহত হন। নিহত দুই সহযোগী হচ্ছেন কর্নেল মুহাম্মাদ খামিস এবং নাসির আল মাধখুর। জেনারেল ইউনেসের সাথে গাদ্দাফিপন্থী বাহিনীর যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হতো। বিদ্রোহী পক্ষে যোগ দেওয়ার আগে গাদ্দাফিবিরোধীদের ওপর দমন-পীড়নে তার ভূমিকার জন্য বিদ্রোহীদের অনেক নেতাই তাকে ঠিক বিশ্বাস করতো না। তবে জেনারেল ইউনেসের ওপর কোথায় হামলা চালানো হয়, এ বিষয়টি ঠিক পরিষ্কার নয়। এখনো পর্যন্ত তাদের দেহও খুঁজে পাওয়া যায় নি। জেনারেল ইউনেস লিবিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৬৯ সালে গাদ্দাফিকে লিবিয়ার রাষ্ট্র ক্ষমতায় যেতে সামরিক বাহিনীর কয়েকজন তরুণ কর্মকর্তা গাদ্দাফিকে সহায়তা করেছিল তাদের মধ্যে ইউনেসও ছিলেন। কিছু অসমর্থিতসূত্র জানিয়েছে, দুই সহযোগীসহ জেনারেল ইউনেসকে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে লিবিয়ার পূর্বাঞ্চলীয় ফ্রন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে, টিএনসি প্রধান আবদুল জলিল আনুষ্ঠানিকভাবে জেনারেল ইউনেসের মৃত্যুর খবর ঘোষণা করার কিছুক্ষণ পর সেই হোটেল চত্বরে বেশ কয়েকজন অস্ত্রধারী প্রবেশ করে শূন্যে গুলি ছোঁড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটে নি। ১৯৬৯ সালে তরুণ কয়েকজন সেনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন গাদ্দাফি। তখন থেকে দেশটি শাসন করে আসছেন তিনি। গাদ্দাফি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের কোনো দেশের শাসকদের অন্যতম এবং লিবিয়ার সবচেয়ে বেশি সময়ের শাসক। চলতি বছরের মধ্য ফেব্রুয়ারি থেকে গাদ্দাফির চার দশকের শাসন অবসানে লিবিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আর এই গণআন্দোলন মোকাবিলায় কঠোর দমন-পীড়ন চালায় গাদ্দাফি অনুগত বাহিনী। ফলে লিবিয়ায় গৃহযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। বিদ্রোহীরা দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি দখল করে নিয়ে অন্তর্র্বতীকালীন জাতীয় পর্ষদ (টিএনসি) গঠন করে ওই শহরেই রাজধানী স্থাপন করে লড়াই চালিয়ে যায়। ইতোমধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও আদায় করে নেয় টিএনসি। ন্যাটোও নিয়মিত বিরতিতে লিবিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন গাদ্দাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪০ ঘ.