নয়াদিল্লি, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বুধবার সম্পর্ক মেরামতে একমত হয়েছে ভারত-পাকিস্তান। দুই পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে প্রতিবেশী দু'দেশের বৈরি সম্পর্ক মেরামত করা তাদেরই দায়িত্ব।
এক বছরের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটিই প্রথম বৈঠক।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।
দু'দেশের মধ্যে সম্পর্কের এ নতুন অধ্যায়ের প্রশংসা করেন দুজনই।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা বলেন, "দু'দেশের সম্পর্ক সঠিক পথে ফিরে এসেছে।"
অন্যদিকে, এ বৈঠককে দু'দেশের মধ্যকার দ্বিপক্ষীয় 'সহযোগিতার নতুন যুগ' আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা।
তবে দুজনের এ আশাবাদী মন্তব্যে ইতিবাচক পরিবেশের মধ্যেও শান্তি আলোচনায় অগ্রগতির তেমন আভাস মেলেনি।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা বেশি দূর এগোয়নি। তবে দুপক্ষই সমঝোতায় পৌঁছানো এবং মতভেদ কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে।
দু'দেশের মধ্যে আস্থা গড়ে তুলতে বিরোধপূর্ণ কাশ্মীরের যুদ্ধবিরতি রেখায় বাণিজ্য ও ভ্রমণের ওপর বাধানিষেধ শিথিল করার মতো পদক্ষেপগুলো নিয়েই মূলত আলোচনা চালিয়ে গেছেন দুই মন্ত্রী।
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর ৫ মাস পর দু'দেশের মধ্যে এ বৈঠক হলো।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয় ভারত। ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে আসছে।
দীর্ঘদিন আলোচনা বন্ধ থাকার পর চলতি বছর ফেব্রুয়ারিতে নতুন করে বৈঠক শুরু করেছে ভারত-পাকিস্তান। কিন্তু এ সমস্ত আলোচনায় এ পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় প্রকৃত কোনো অগ্রগতি হয়নি।
তবে দুপক্ষের মধ্যে আলোচনার যে পরিবেশ ফিরে এসেছে তাতে এটি স্পষ্ট যে, তারা সংঘাতে ফিরে যেতে চায় না।
মনোভাবের পরিবর্তন ঘটেই দু'দেশের মধ্যে নতুন করে চলমান এ শান্তি সংলাপ শুরু হয়েছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন হিনা।
বৈঠকের উদ্বোধনী বক্তব্যে কৃষ্ণার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "আমরা ইতিবাচক মনোভাব নিয়েই এখানে এসেছি। দু'দেশের মধ্যকার সম্পর্ক অতীতের ঘুর্ণাবার্তে আবদ্ধ থাকা উচিত না।"
হিনা আরো বলেন, "ভারত ও পাকিস্তানের নতুন প্রজন্ম দুই দেশের মধ্যে গত দু'দশকের চেয়ে ভিন্ন রকম সম্পর্ক দেখতে পাবে বলে আশা করছি।"
ওদিকে, বৈঠক শেষে কৃষ্ণা বলেন, "আবারো বলছি, আমরা ব্যাপক পরিসরে অন্তরিক এবং টেকসই আলোচনার মধ্য দিয়ে বিদ্যমান সব সমস্যার সমাধানে সংকল্পবদ্ধ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪২ঘ.
bdnews24