কায়রো, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তিনি শক্ত কোনো খাদ্য গ্রহণ করতে পারছেন না।
দেশটির সরকারি সংবাদ সংস্থা মিনা মঙ্গলবার এ খবর জানায়।
মুবারক যে হাসপাতালে চিকিৎসাধীন সেই হাসপাতালের প্রধান মোহামেদ ফাতাল্লাহর বরাত দিয়ে ওই সংবাদ সংস্থা জানায়, "মুবারক কোনো ধরনের শক্ত খাবার গ্রহণ করছেন না। শুধু কিছু তরল ও জুস গ্রহণ করছেন। তার ওজন অনেক কমে গেছে, এবং তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন।"
হাসপাতালের সূত্রের বরাত দিয়ে আরো জানানো হয়, মুবারক যে পরিমাণ খাদ্য গ্রহণ করছেন তা বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়।
মুবারকের স্বাস্থ্যসম্পর্কিত প্রতিবেদন অনুযায়ী মনে হচ্ছে তিনি মৃত্যুর সন্নিকটে। কিন্তু ৮৩ বছর বয়সী মিশরের সাবেক এই নেতার প্রকৃত অবস্থা অনুমাননির্ভর।
মিশরের অনেক মানুষ মনে করেন, বিচার এড়াতে মুবারক অসুস্থতার ভান করছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন হোসনি মুবারক। এপ্রিল থেকে তিনি শারম আল শেখের হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময়েই তাকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়।
ক্ষমতার অপব্যবহার ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে আগামী ৩ অগাস্ট তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
কায়রোর একটি আদালত এই মামলা পরিচালনা করছে। কিন্তু বিচারিক ও নিরাপত্তাসূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, শারম আল শেখ-এ আদালত স্থানান্তরিত হতে পারে।
তবে এ ব্যাপারে সরকারি কোনো ঘোষণা এখনো পর্যন্ত পাওয়া যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১০ ঘ.
bdnews24