২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসলোয় শোকার্ত লাখো মানুষের ঢল

নরওয়ের রাজধানী অসলোতে নিহতদের স্মরণে আয়োজিত শোক শোভাযাত্রায় লাখো মানুষের ঢল নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

অসলো, জুলাই ২৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের রাজধানী অসলোতে নিহতদের স্মরণে আয়োজিত শোক শোভাযাত্রায় লাখো মানুষের ঢল নামে। অসলোবাসী লাল ও সাদা গোলাপ হাতে নিহতদের প্রতি শোক জানিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে। তারা এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানায়। দেশটির অন্যান্য শহরেও হাজার হাজার মানুষ নিহতদের প্রতি শোক জানিয়ে এবং এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে। গত শুক্রবার অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক (৩২) নামের এক উগ্র ডানপন্থী খৃস্টান ধর্মাবলম্বীর বোমা হামলা ও গুলিবর্ষণে নরওয়ের রাজধানী অসলোয় ৭৬ জন মানুষ নিহত হয়। বোমা হামলা চালানো হয় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। এতে ৮ জন নিহত হন। আর উটোইয়া দ্বীপে যুব শিবিরে গুলি করে হত্যা করা হয় ৬৮ জনকে। এর আগে জানানো হয়, ওই জোড়া হামলায় ৯৩ জন নিহত হয়েছেন। বিশ্বের শীর্ষ শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত নরওয়েতে এ ধরনের ঘটনা বিরল। একজন মানুষ হত্যাকান্ডের শিকার হলেও দেশটির জাতীয় দৈনিকের প্রথম পাতায় শিরোনাম হয়। দেশের প্রধানমন্ত্রী অফিসে যেতে প্রায়ই পাবলিক বাস ব্যবহার করেন। কোন রক্ষী ছাড়াই ওসলোর রাস্তায় মন্ত্রীরা হেঁটে বেড়ান। মাত্র ৪৮ লক্ষ জনসংখ্যার দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ ছাড়া নিকট অতীতে এত মানুষ নিহত হয় নি। তাই শোকে মুহ্যমান হয়ে পড়েছে নরওয়েবাসী। তবে শোকগ্রস্ত হলেও উদার জাতি হিসেবে নিজেদের একতা ধরে রাখার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ বলেই প্রকাশ পেয়েছে। সোমবার সন্ধ্যায় অসলোয় সমবেত শোকাকূল জনতার উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেন, "এই শোকসমাবেশে অংশগ্রহণ করে গণতন্ত্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছেন আপনারা। এ মিছিল গণতন্ত্রের জন্য, এ মিছিল উদারতার জন্য, এ মিছিল একতার জন্য।" "দুবৃত্ত ব্যক্তিকে হত্যা করতে পারে, কিন্তু কখনই জনগণকে পরাজিত করতে পারে না", বলেন আবেগতাড়িত প্রধানমন্ত্রী। সোমবারের শোকসমাবেশে যত মানুষ সমবেত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়েতে আর কোন উপলক্ষ্যেই এত মানুষের সমাগম হয় নি। শোকমিছিলে অংশগ্রহণকারী ২৬ বছর বয়ষ্ক জোনাস ওয়েরস্টাড বলেন, "আমরা একটি ছোট জনগোষ্ঠী হওয়ায় হত্যাকা-ের ঘটনায় সবাই বিপর্যস্ত হয়ে পড়েছে।" এর আগে, সকালে অসলোর কোর্ট এলাকায় ব্রেইভিককে বহনকারী পুলিশের গাড়িবহর থামিয়ে দেয় একদল উত্তেজিত জনতা। "বেড়িয়ে আয়, বেড়িয়ে আয়!", চিৎকার করে ওঠে একজন। আত্মস্বীকৃত খুনি ব্রেইভিক ওই গাড়িতে আছে ভেবে সে গাড়িতে চড়াও হয়। কিন্তু অন্য গাড়িতে থাকা ব্রেইভিককে নিয়ে পুলিশ কোর্টে চলে যায়। "প্রত্যেকেই ওর মৃত্যু চায়", বলেন উত্তেজিত ওই লোক। ব্রেইভিকের হামলায় তার পরিচিত একজন নিহত হয় ও অপর তিনজন বেঁচে যায়। "সে যা করেছে তার জন্য আমরা তাকে সত্যি মারতে চাই", বলেন আদালতের বাইরে থাকা ৩২ বছর বয়সী বিক্ষোভকারী জেজো হাসাব। আদালতে রুদ্ধদ্বার শুনানিকালে ব্রেইভিক বিচারককে জানান, ইউরোপকে মুসলিম অধিগ্রহণ থেকে বাঁচানোর লক্ষ্যেই সে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও গুলিবর্ষণ করে লোকজনকে হত্যা করেছে। তাদের দলের আরো 'দুটি উপদল' আছে বলে বিচারককে এসময় জানান ব্রেইভিক। পুলিশ জানিয়েছে, শুক্রবারের জোড়া হামলার ঘটনায় অন্য কারো জড়িত থাকার বিষয়টি তারা অনুসন্ধান করছে। ওই ঘটনায় নিহতদের সংখ্যা সংশোধন করে পুলিশ জানায়, দুটি ঘটনায় নিহতের মোট সংখ্যা ৯৩ জন নয়, ৭৬ জন। ওসলোয় বোমা বিস্ফোরণে মারা যায় ৮ জন আর উটোইয়া দ্বীপে গুলিতে মারা যায় ৬৮ জন। শুনানির পর পুলিশের একটি জিপ ছোট করে ছাঁটা বাদামী চুলের ব্রেইভিককে নিয়ে দ্রুত চলে যায়। এ সময় সে একটি লাল রংয়ের সোয়েটার ও তার নিচে হালকা লাল রংয়ের শার্ট পরিহিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৭ ঘ.