২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বই লিখছেন ফোন হ্যাকিং কেলেঙ্কারি ফাঁসকারী সাংবাদিক

ফোনে নিউজ কর্পোরেশনের আড়িপাতার ঘটনা ফাঁসকারী ব্রিটিশ সাংবাদিক নিক ডেভিস বই লেখার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

নিউ ইয়র্ক, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফোনে নিউজ কর্পোরেশনের আড়িপাতার ঘটনা ফাঁসকারী ব্রিটিশ সাংবাদিক নিক ডেভিস বই লেখার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। বইটি "হ্যাক অ্যাটাক: হাউ দ্য ট্রুথ কট আপ উইথ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল ম্যান" শিরোনামে ২০১২ সালের শেষ দিকে বাজারে আসবে বলে সোমবার চুক্তিকারী প্রকাশনা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়। দীর্ঘদিন ধরেই নিউজ কর্পোরেশনের যুক্তরাজ্যের শাখা নিউজ ইন্টারন্যাশনাল, তাদের ট্যাবলয়েড পত্রিকা 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড'র জন্য সর্বস্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোনে আড়িপাতার মত বেআইনি কাজ চালাতে থাকে। এ ধরনের অপতৎপরতা ২০১১ সালে ঘটনাটি ফাঁস হওয়ার আগ পর্যন্ত চালিয়ে যায়। যুক্তরাজ্যের 'দ্য গার্ডিয়ান' পত্রিকার প্রতিবেদক নিক ডেভিস তার সাড়া জাগানো প্রতিবেদনে জানান, ২০০৯ সালে নিউজ ইন্টারন্যাশনাল তাদের যেসবকর্মী ফোনে আড়িপাতার কাজে জড়িত তাদের বাঁচাতে আইনি সমঝোতার জন্য ১০ লাখ পাউন্ড ব্যয় করেছে। ওই কর্মীরা ছিলেন সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড'-এ কর্মরত। সেই ঘটনা জানার পর দীর্ঘ দুই বছর ধরে অনুসন্ধান করে ডেভিস এমন এক সূত্রের সন্ধান পান যার মাধ্যমে ফোনে আড়িপাতার সাথে জড়িত সংবাদিকদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়। ডেভিস উদ্ঘাটন করেন, ওই সাংবাদিকেরা সেলিব্রেটি, রাজনীতিকসহ অকালে নিহত হওয়া এক ব্রিটিশ কিশোরীর ভয়েসমেইল পর্যন্ত হ্যাক করার সাথে জড়িত রয়েছেন। এভাবে ফোনে আড়িপাতার মাধ্যমে ওই ট্যাবলয়েডটি প্রতি রোববারের সংখ্যায় আকর্ষণীয় শিরোনামসহ প্রকাশিত হতো। আর পাঠকও তাতে হুমড়ি খেয়ে পড়তো। সাংবাদিক নিক ডেভিস এই কেলেঙ্কারি নিয়েই বই লেখার ব্যাপারে প্রকাশনা সংস্থা ফেবার অ্যান্ড ফেবার ইন্টারন্যাশনালের সাথে চুক্তি করেছেন। প্রসঙ্গত, ১৩ বছর বয়স্ক মিলি ডৌলার নামে নিখোঁজ এক স্কুল ছাত্রীর লাশ কয়েক মাস পর পাওয়া যায়। মিলি ডৌলার ফোনে ২০০২ সাল থেকে আড়িপাতা হচ্ছে, জুলাই মাসের প্রথম দিকে এ কথা ফাঁস হয়ে গেলে যুক্তরাজ্যের মানুষ নিউজ কর্পোরেশনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'র ইতিহাসের শুরু বহু আগে, ১৮৪৩ সালের ১ অক্টোবর এর যাত্রা শুরু হয়। প্রকাশক জন ব্রাউনের লক্ষ্য ছিলো শুরু থেকেই কাটতি বাড়ানো। যৌনতা আর অপরাধের খবর উপজীব্য করে বের হওয়া তিন পেন্সের এ পত্রিকাটি দ্রুতই সাড়া ফেলে। ১৮৮০ সাল নাগাদ এর প্রচার সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। ৪০ বছরে এটি ছাড়িয়ে যায় ১০ লাখের কোঠা। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের দেওয়া তথ্যে দেখা যায়, ১৯৫০ এর দশকে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি বিক্রি হতো। তখন এর প্রচার সংখ্যা ছিলো ৮০ লাখ। রমরমা অবস্থাতেই পত্রিকাটি কিনে নেন রুপার্ট মার্ডক, ১৯৬৯ সালে। এরপরও ব্যবসার একই গতি ধরে রেখেছিলো পত্রিকাটি। অবশেষে ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জের ধরে ২০১১ সালের ১০ জুলাই পত্রিকাটির শেষ সংখ্যা প্রকাশিত হওয়ার মধ্য বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.