২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে নিহতের সংখ্যা সংশোধন করলো পুলিশ

নরওয়েতে জোড়া হামলায় নিহতের সংখ্যা কমিয়ে ৭৬ বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক বলেছেন, ইউরোপকে মুসলিম আধিপত্য থেকে বাঁচাতে এ হত্যাকাণ্ডের প্রয়োজন ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ওসলো, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়েতে জোড়া হামলায় নিহতের সংখ্যা কমিয়ে ৭৬ বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক বলেছেন, ইউরোপকে মুসলিম আধিপত্য থেকে বাঁচাতে এ হত্যাকাণ্ডের প্রয়োজন ছিলো। সোমবার আদালতে বোমা হামলা এবং হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেন ব্রেইভিক। আদালতের রুদ্ধদ্বার শুনানির পর বিচারক কিম হেগার এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি জানান, বহুসংস্কৃতি চালু করে দেশদ্রোহীতার জন্য লেবার পার্টিকে দায়ী করেছেন ব্রেইভিক। আদালতে ব্রেইভিক তার সংগঠনের আরো দুটি শাখা আছে বলেও দাবি করেন। এর আগে তিনি একাই এ কাজ করেছেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, হামলা পরিকল্পনায় কেউ তাকে সহযোগিতা করেনি। পুলিশও বলেছিলো শুক্রবারের হামলায় অন্য কেউ তাদের সন্দেহের তালিকায় নেই। এদিকে নরওয়ের পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা সাত থেকে আট উন্নিত করেছে। একইসঙ্গে উটোইয়া দ্বীপে গুলিবর্ষণে নিহতের সংখ্যা ৮৬ থেকে কমিয়ে ৬৮ করেছে। ফলে পুলিশের সংশোধিত হিসেবে নিহতের সংখ্যা ৭৬। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির রাজধানী ওসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে সাত জন এবং উটোইয়া দ্বীপে গুলিবর্ষণে ৮৬ জন নিহত হয় বলে এর আগে জানিয়েছিলো নরওয়ে পুলিশ। হামলার ঘটনায় ব্রেইভিকের আরো দু'টি সন্ত্রাসী শাখার সঙ্গে কাজ করার দাবি খতিয়ে দেখছে পুলিশ। আদালতের অন্যান্য কর্মকর্তারা ওই দুটি শাখার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি। ব্রেইভিক এর আগে কয়েকটি সাক্ষাৎকারে তদন্তকারীদের বলেছিলেন, তিনি আন্তর্জাতিক একটি সংগঠনের সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছিলো নরওয়ের পত্রিকা ভিজি। কিন্তু তিনি আদৌ কোনো সংগঠনের সদস্য কিনা তাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদালতের শুনানির পর বিচারক হেগার ব্রেইভিককে ৮ সপ্তাহ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানিতে হাজির না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা হবে। শুধু আইনজীবী ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/পিডি/২৩৫৮ঘ.