কারাকাস, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শারীরিক অসুস্থতার পরও ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আশা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান ।
রোববার প্রকাশিত ওই সাক্ষাৎকারে আরো ছয় বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকার প্রত্যাশা করেছেন।
৫৬ বছর বয়সী প্রেসিডেন্ট শ্যাভেজ গত মাসে কিউবার রাজধানী হাভানায় অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে একটি টিউমার অপসারণ করান। এরপর থেকে ভেনেজুয়েলার প্রশাসন চালানোর বিষয়ে তার স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভেনেজুয়েলার কোরেও দেল ওরিনকো সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে শ্যাভেজ বলেন, "আমি এক মুহূর্তের জন্যও প্রেসিডেন্টের পদ থেকে অবসরের কথা চিন্তা করি না।"
কিউবা থেকে ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি নিয়ে শনিবার দেশে ফিরেছেন শ্যাভেজ।
২০১২ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১৫ ঘ.
bdnews24