২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হামলাকারী স্বর্গকে নরকে পরিণত করেছে'

নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গ বলেছেন, উটোইয়া দ্বীপে যুব সমাবেশে গুলি চালিয়ে হামলাকারী যুব স্বর্গকে একটি নরকে পরিণত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

অসলো, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গ বলেছেন, উটোইয়া দ্বীপে যুব সমাবেশে গুলি চালিয়ে হামলাকারী যুব স্বর্গকে একটি নরকে পরিণত করেছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সেখানে নিহত হওয়া অনেকে আমার চেনা ছিলো। ওই সব তরুণ ও তাদের অভিভাবকরা আমার পরিচিত।" নরওয়ের স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে একটি বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়। কাছাকাছি সময়ে অসলোর ৮০ কিলোমিটার উত্তরপশ্চিমের উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠন ওয়ার্কার্স ইয়ুথ লীগ নেতাকর্মীদের বার্ষিক সম্মেলনে পুলিশের পোশাক পরে এলোপাতাড়ি গুলি চালায় আন্দ্রেই বেহেরিক ব্রেইভিক (৩২) নামের নরওয়েজিয়ান এক বন্দুকধারী। এতে ৮৫ জন নিহত হয়। ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "আমি আরো বেশি আহত হয়েছি এ জন্য যে, ১৯৭৯ সালের পর থেকে প্রতিবছর গ্রীষ্মে আমি ওই দ্বীপে গিয়েছি এবং সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে কাটিয়েছি ও আনন্দ করেছি। সেই দ্বীপে এ বর্বরোচিত সহিংসতা হলো- একটি যুব স্বর্গ নরকে পরিণত হলো। "উটোইয়ায় যা ঘটেছে তা একটি জাতীয় ট্রাজেডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের দেশের মানুষ এতো বড় অপরাধ দেখেনি।" তিনি বলেন, অনুমানের ওপর ভিত্তি করে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে চাই না। "অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে নরওয়েতে উগ্র ডানপন্থীরা একটা বিশাল সমস্যা একথাও আমি বলতে পারি না। তবে কিছু চরমপন্থী গোষ্ঠী এখানে সক্রিয় রয়েছে। অতীতে আমরা তাদের পর্যবেক্ষণ করেছি এবং পুলিশ তাদের ব্যাপারে সজাগ রয়েছে।" "নরওয়েতে ওই ধরনের কোনো গোষ্ঠী থাকতে পারে। তারপরেও অনুমানের ওপর নির্ভর করে আমি কিছু বলবো না। এ ঘটনা সম্পর্কে কিছু বলার আগে পুলিশি তদন্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।" নরওয়ে প্রধানমন্ত্রী বলেন, "এ ঘটনা বর্ণনাতীত ও দুঃস্বপ্নের মতো। নিহত তরুণ, তাদের প্রিয়জন, মা- বাবা ও ভাই-বোনের জন্য এটা দুঃস্বপ্ন। তাছাড়া এ বর্বরোচিত হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া ও তাদের পরিবারের জন্যও এটা দুঃস্বপ্ন। উটোইয়ায় উপস্থিত সবাই সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০৫৬ ঘ.