২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে 'ডোন্ট আস্ক, ডোন্ট টেল' আইন প্রত্যাহার হচ্ছে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ঘোষিত সমকামীদের যোগ দেওয়া ঠেকানোর লক্ষ্যে প্রণীত আইনটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ওয়াশিংটন, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ঘোষিত সমকামীদের যোগ দেওয়া ঠেকানোর লক্ষ্যে প্রণীত আইনটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেপ্টেম্বরের ২০ তারিখের পর থেকে আইনটি আর কার্যকর থাকবে না বলে শুক্রবার ঘোষণা করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ও শীর্ষ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেনও আইনটি প্রত্যাহারের বিষয়ে সম্মতি দেন। তাদের মতে, 'ডোন্ট আস্ক, ডোন্ট টেল' নামে পরিচিত আইনটি প্রত্যাহারে সেনাবাহিনীর কার্যক্রমে কোন প্রভাব পড়বে না। গত ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে আইনটি বলবৎ আছে। আইনটি প্রত্যাহারের ঘোষণায় ওবামা বলেন, "আজ আমরা বৈষম্যমূলক 'ডোন্ট আস্ক, ডোন্ট টেল' আইনটি প্রত্যাহারে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি। 'ডোন্ট আস্ক, ডোন্ট টেল' আইনটি ষাট দিনের মধ্যে চিরতরে উঠে যাবে"। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বৈষম্য সৃষ্টিকারী এ আইনটি প্রত্যাহারের জন্য অধিকার আইনজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ষাট দিন সময় নেওয়ায় কারণ হচ্ছে, পেন্টাগন এই সময়ের মধ্যে ঘোষিত সমকামী সঙ্গীদের সেনা পরিবারে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিতে পারবে। এ আইনের কারণে যৌন আচরণ গোপন রাখতে ব্যর্থ হওয়া ১৩ হাজার সেনাকে গত ১৮ বছরে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। গত ২০১০ সালে সেনাবাহিনীতে পরিচালিত এক জরিপে প্রকাশ পায়, আইনটি প্রত্যাহার করে নিলেও সেনাবাহিনীতে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বে না। এ আইন প্রত্যাহারের মাধ্যমে ওবামা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন। সমকামীদের অধিকার রক্ষায় কাজ করা আইনজীবীরা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকারের আলোকে আদালতেও সফলভাবে আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে। এ আইনের ধারা অনুযায়ী, সমকামীরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিতে পারবে, তবে তাদের যৌন আচরণ গোপন রাখতে হবে। কেউ কিছু জিজ্ঞেসও করবে না, কেউ কিছু প্রকাশও করবে না অর্থাৎ 'ডোন্ট আস্ক, ডোন্ট টেল'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৫ ঘ.