২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের প্রধানমন্ত্রী কার্যালয় বোমায় ক্ষতিগ্রস্ত

নরওয়ের রাজধানী অসলোয় শুক্রবার বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে অন্তত দুইজন। তবে প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

অসলো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের রাজধানী অসলোয় শুক্রবার বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে অন্তত দুইজন। তবে প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে। বিস্ফোরণে প্রধানমন্ত্রীর ১৭ তলা কার্যালয় ভবনসহ আশেপাশে তেল মন্ত্রণালয় এবং আরো কয়েকটি মন্ত্রণালয়ের বেশির ভাগ জানালা উড়ে যায়। দেখা যায় ধোঁয়ার কুণ্ডলি। তেল মন্ত্রণালয়ে আগুন জ্বলতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এনআরকে রেডিও জানিয়েছে, এই বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছে। ৮ জন আহত হওয়ার খবর দিয়েছেন রয়টার্সের সাংবাদিক ওয়াল্টার গিবস। নরওয়ের বার্তা সংস্থা এনটিবি বলেছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের পর একটি ভবনের বাইরে একটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, এটি গাড়িবোমা হামলা হতে পারে । স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, "বিস্ফোরণ ঘটেছে। এটি বোমাই হবে। লোকজন আতঙ্কে ছুটোছুটি করেছে। আমি গুনে দেখেছি অন্তত ১০ জন আহত হয়েছে।" ন্যাটো সদস্যদেশ নরওয়ে আফগানিস্তান যুদ্ধে জড়িত থাকায় কখনো কখনো আল কায়েদা নেতাদের হুমকির সম্মুখীন হয়। লিবিয়ায় ন্যাটো অভিযানেও নরওয়ে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫০ ঘ.