সিউল, নুসা দুয়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আসিয়ান সম্মেলনের ফাঁকে শুক্রবার পরমাণু ইস্যু নিয়ে বৈঠক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
গত বছর কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এটিই দু'দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
উত্তর কোরিয়ার দূত রি ইয়াং হো-র সঙ্গে বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পরমাণু বিষয়ক দূত উই সাং ল্যাক।
স্থানীয় সময় বিকাল ৩ টায় বৈঠক শুরু হয়। এতে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দূত। বৈঠকে হো এবং ল্যাক দুজনই যত তাড়াতাড়ি সম্ভব ছয়জাতি আলোচনা শুরু করতে রাজি হয়েছেন।
রি ইয়াং হো এর উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োহাপ একথা জানিয়েছে।
দুই দূতের এ বৈঠক পরবর্তীতে দুই কোরিয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেছেন এক কূটনীতিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24