২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ হরণের চেষ্টাকারীকে বাঁচাতে পারলেন না রইস

মৃত্যুদণ্ডই হলো টেক্সাসের মার্ক স্ট্রম্যানের। অপরাধ নাইন-ইলেভেনের প্রতিশোধ হিসেবে দুজনকে হত্যা করা, যদিও এ ঘটনায় বেঁচে যাওয়া অন্যজন বাংলাদেশি রইস ভূইয়া ক্ষমা করার পাশাপাশি স্ট্রম্যানের প্রাণভিক্ষাও চেয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

টেক্সাস, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মৃত্যুদণ্ডই হলো টেক্সাসের মার্ক স্ট্রম্যানের। অপরাধ নাইন-ইলেভেনের প্রতিশোধ হিসেবে দুজনকে হত্যা করা, যদিও এ ঘটনায় বেঁচে যাওয়া অন্যজন বাংলাদেশি রইস ভূইয়া ক্ষমা করার পাশাপাশি স্ট্রম্যানের প্রাণভিক্ষাও চেয়েছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্ট্রম্যানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে মৃত্যুদণ্ড না থাকলেও টেক্সাসে তা রয়েছে। ৪১ বছর বয়সি স্ট্রম্যানের দণ্ড কার্যকর হয় প্রাণঘাতি ইনজেকশনের মাধ্যমে। চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। টেক্সাসের আদালত রইসের আবেদন নাকচ করার পরই দণ্ড কার্যকরের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর প্রতিশোধপরায়ণ হয়ে অক্টোবর মাসে ডালাসের একটি দোকানে আরব মনে করে তিন ব্যক্তিকে গুলি করেন স্ট্রম্যান। এতে বাসুদেব পাতিল নামে এক ভারতীয় এবং ওয়াকার হাসান নামে এক পাকিস্তানি নিহত হন। গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান ৩৭ বছর বয়সি বাংলাদেশি রইস। তবে তার ডান চোখ প্রায় নষ্ট হয়ে যায়। আদালতের রায়ে স্ট্রম্যানের মৃত্যুদণ্ড হলেও তাকে ক্ষমা করেছিলেন রইস। তার মতে, এ দণ্ড কোনো সমাধান বয়ে আনবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে রইস বলেন, "এ মৃত্যুদণ্ডের ফলে সারা বিশ্বের ঘৃণ্য অপরাধগুলো লোপ পাবে না। আমরা কেবল আরো এক ব্যক্তিকে হারাবো।" স্ট্রম্যানকে রক্ষায় এরপর জনমত গঠনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যান রইস। তবে তার আবেদন বুধবার টেক্সাসের অস্টিন বিচারক লি ইয়েকেল আবেদন নাকচ করে দেন। স্ট্রম্যানের অতীত অপরাধের তালিকা অনেক দীর্ঘ। সেই তালিকায় স্থান পেয়েছে ডাকাতি এবং ক্রেডিট কার্ড জালিয়াতির মতো ঘটনাও। তবে মৃত্যুর আগে স্ট্রম্যানের কথায় অনুতাপের ছাপও ফুটে ওঠে। তিনি বলেন, " যে লোকটির প্রাণ হরণ করতে আমি চেয়েছিলাম, সেই কি না আমার প্রাণ রক্ষার চেষ্টা করছে! আমি বিস্ময়াভুত।" গত ১৩ জুলাই নিজের ব্লগে স্ট্রম্যান লেখেন, "গত কয়েক সপ্তাহে পৃথিবীজুড়ে অনেক মানুষ আমার জীবন রক্ষার জন্য চেষ্টা করছে যা শিহরিত হওয়ার মতো। "আমার জীবনের ছবিগুলো ভেসে উঠছে। আগের লেখাটায় যেমনটা বলেছিলাম...মৃত্যু যত এগিয়ে আসছে আমি তত শান্তি অনুভব করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এফএফ/এমআই/১৩৪০ ঘ.