২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন শাভেজ'

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ আসন্ন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ আসন্ন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশটির সরকারের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। ভেনেজুয়েলার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জর্জ জিওর্দানি বলেন, "আমি বিশ্বাস করি, ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট (শাভেজ) অংশ নেবেন এবং আরো বহু বছর তিনি কাজ চালিয়ে যাবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।" শাভেজ বর্তমানে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। তার আদর্শগত মিত্র রাষ্ট্র কিউবায় চিকিৎসাও নিচ্ছেন। এর আগে শাভেজ দ্বিতীয় দফা ক্যামোথেরাপি নেওয়ার উদ্দেশ্যে কিউবা যাওয়ার প্রাক্কালে এক বার্তায় জানান, তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন। গত মাসে কিউবায় অপারেশনের মাধ্যমে শাভেজের শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। শাভেজের স্বাস্থ্যগত সমস্যার কারণে ভেনেজুয়েলায় রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি করেছিল। চিকিৎসার উদ্দেশ্যে দ্বিতীয় দফা কিউবা যাওয়ার আগে শাভেজ নির্বাহী কিছু ক্ষমতা ভাইস- প্রেসিডেন্ট ইলাস জাওয়া এবং অর্থমন্ত্রী জর্জ জিওর্দানির হাতে অর্পণ করেছেন। কিন্তু শাভেজের রাজনৈতিক বিরোধীপক্ষরা তার অনুপস্থিতিতে প্রেসিডেন্টের সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিল। তাতে সাড়া দেন নি শাভেজ। তবে শাভেজ ঠিক কী ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয় নি। এমন কী চিকিৎসার জন্য তাকে কতদিন কিউবায় অবস্থান করতে হবে এ ব্যাপারেও কোনোকিছু জানানো হয় নি। রোববার শাভেজ হাভানায় পৌঁছেছেন এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সাথে সাক্ষাৎ করেছেন। ওই দিন থেকেই তার ক্যামোথেরাপি শুরু হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৫ ঘ.