ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা সোমবার ৯৩ বছরে পা দিয়েছেন। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এ দিনকে উদযাপন করেছে তার দেশবাসী।
কৃষ্ণাঙ্গদের অধিকার অর্জনের লক্ষ্যে মানবতাবাদী নেলসন ম্যান্ডেলা জীবনের ৬৭ বছর রাজনৈতিক সংগ্রাম করেন। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের সম্মানে ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে জনগণের প্রতি ৬৭ মিনিট জনকল্যাণে ব্যয়ের আহ্বান জানায়।
২০০৯ সালে তার জন্মবার্ষিকীকে জাতিসংঘ 'নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
দক্ষিণ আফ্রিকার যে গ্রামে শৈশব কাটান সেখানেই পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন উদযাপন করেন ম্যান্ডেলা।
২০০৪ সালে জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার পর থেকে ম্যান্ডেলার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চলতি বছরের জানুয়ারিতে হাসপাতাল থেকে চিকিৎসাগ্রহণ শেষ বাড়িতে ফিরে গেলেও তাকে সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয়।
দক্ষিণ আফ্রিকানদের কাছে মাদিবা নামে পরিচিত ম্যান্ডেলা ২০১০ সালের জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের পর আর জনসমক্ষে আসেন নি।
তার জন্মদিন উপলক্ষে একটি আলোকচিত্র প্রকাশ করা হয়। তাতে পরিবারের সদস্যদের সাথে হাস্যোজ্জ্বল ম্যান্ডেলাকে বসে থাকতে দেখা যায়।
ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, পৃথিবীকে আরো সুন্দর ও বাসযোগ্য করে তুলতে ম্যান্ডেলার জন্মদিন মানুষকে উজ্জীবিত করবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে এক বিবৃতিতে বলেন, ম্যান্ডেলার জীবন ও অর্জন প্রাজ্ঞতা, শক্তিমত্তা ও সৌন্দর্যের অনুকরণীয় উদাহরণ।
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরকালে বারাক ওবামা, মিশেল ওবামা ও তাদের দুই মেয়ে নেলসন ম্যান্ডেলার সাথে সাক্ষাৎ করেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ম্যান্ডেলা থাবো এমবেকির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বর্ণবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ১৯৯০ সালে মুক্তি পেয়েই ম্যান্ডেলা বর্ণবাদী সরকারের সঙ্গে আলোচনা করেন। ফলে মুক্ত গণতান্ত্রিক আফ্রিকার নতুন জন্ম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৯ ঘ.
bdnews24