আম্মান, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার নিরাপত্তা বাহিনী ৩২ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মীরা। এর মধ্যে ২৩ জনই নিহত হয়েছে দেশটির রাজধানী দামেস্কে।
শুক্রবার জুমা নামাজের পর রাজধানী দামেস্কসহ সারাদেশে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ হয়। বিক্ষোভে হামলা চালায় নিরাপত্তা বাহিনী।
দেশটিতে চার মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে গত শুক্রবারই দামেস্কে সবচেয়ে বেশী আন্দোলনকারী নিহত হয়।
দামেস্ক থেকে টেলিফোনে এক আন্দোলকারী রয়টার্সকে বলেন, "প্রথমবারের মতো প্রায় লাখ খানেক বিক্ষোভকারী রাজধানী দামেস্কের প্রধান সড়কগুলোতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়, একারণে নিরাপত্তা বাহিনীর আক্রমণও হিংস্র হয়"।
গণহত্যাকা-ের কারণে জাতীয় পরিত্রাণ সম্মেলন বাতিল করেছে বিরোধীদলগুলো। শনিবার দামেস্কে সম্মেলনটি আয়োজনের পরিকল্পনা ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ওয়ালিদ আল বুন্নি।
দামেস্কের যে সামাজিক মিলনকেন্দ্রে সম্মেলনটি হওয়ার কথা ছিল তার সামনে ১৪ জন বিক্ষোভকরীকে হত্যার পর বিরোধীদলগুলো এ সিদ্ধান্ত নেয় বলে জানান বুন্নি।
দামেস্ক থেকে টেলিফোনে রয়টাসর্কে তিনি বলেন, "গোপন পুলিশ মিলনকেন্দ্রটির মালিককেও হুমকি দিয়েছে। আরো মৃত্যু এড়াতেই আমরা সম্মেলনটি বাতিল করেছি"।
তিনি জানিয়েছেন, দামেস্কের সম্মেলন বাতিল করা হলেও প্রধান প্রধান সরকার বিরোধী নেতা এবং আন্দোলনকারীরা শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অপর একটি সম্মেলনের আয়োজন করেছে।
মিলনকেন্দ্রের সামনে নিহতরা ছাড়া দামেস্কের বারজেহ ও রুকন আল দ্বীন এলাকায়ও নিহত হওয়ার ঘটনা ঘটে। রুকন আল দ্বীন এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আটজন ও বারজেহ এলাকায় একজন বিক্ষোভকারী নিহত হয়।
রুকন আল দ্বীনের এক প্রত্যক্ষদর্শী জানান, এখানে কয়েকশ তরুণ আন্দোলনকারী সাদা মুখোশ পরে পাথর ও লাঠি নিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা "বাশার আল আসাদ নিপাত যাক" বলে স্লোগানও দেয়।
দামেস্কের দক্ষিণে কাদাম শহরতলীতে নিহত হয় আরো দুজন আন্দোলনকারী।
চার মাস আগে সরকার বিরোধী বিক্ষোভ যে শহরে শুরু হয়েছিল সেই দেরায় নিহত হয়েছে চারজন।
তুরস্ক সীমান্তের ইদলিব প্রদেশে সেনারা ট্যাংক নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এখানে গুলিতে নিহত হয় তিনজন ।
এছাড়া হমস শহরে আরো দুজন নিহত হয় বলে অনিশ্চিত এক সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যগুলোকে সিরিয়া সরকার নিষিদ্ধ করায় দেশটি থেকে পাওয়া সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রের খবর নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয় না।
সিরিয়ায় ৪০ বছর ধরে চলা বাথ পার্টির শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন সবচেয়ে বড় গণআন্দোলন। গত মার্চ থেকে আন্দোলনকারীরা বাথ পার্টির প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ করে আসছে। কিন্তু বিক্ষোভ দমনে সরকার কঠোর দমননীতি গ্রহণ করলে এ পর্যন্ত প্রায় ১৪শ' মানুষ মারা যায়।
এ অবস্থাতেও সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। গত চারমাসের সরকার বিরোধী আন্দোলনে গত শুক্রবারের বিক্ষোভেই রাজধানী দামেস্কে সবচেয়ে বেশী লোক অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৬ ঘ.
bdnews24