লন্ডন, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ব্রিটেনে ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে কয়েক সপ্তাহের চাপের মুখে পদত্যাগ করেছেন নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকাহ ব্রুকস।
ব্রুকস ২০০০-২০০৩ সালে 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' ট্যাবলয়েডের সম্পাদক থাকাকালে ফোন হ্যাকিং এবং ভয়েস মেইল চুরির ঘটনা ঘটেছে। এর জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে পুরোপুরি ক্ষমা চাননি।
নিউজ কর্পোরেশনের প্রধান নির্বাহী রুপার্ট মার্ডকের জোর সমর্থন সত্ত্বেও শুক্রবার পদত্যাগ করে ব্রুকস বলেন,
কোম্পানির ভবিষ্যৎ এবং মান মর্যাদাকে ঘিরে তিনি আর কোনো বিতর্কের মধ্যমনি হয়ে থাকতে চান না।
টাইমস অফ লন্ডন, দ্য সান, স্কাই নিউজ এর কয়েকজন সাংবাদিক ব্রুকস এর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে।
ওদিকে, লিখিত এক বার্তায় রুপার্ট মার্ডক এবং জেমস মার্ডকের কাছে পদত্যাগপত্র দেওয়া এবং তা গৃহীত হওয়ার কথা জানিয়েছেন ব্রুকস।
এই পদত্যাগের মধ্য দিয়ে ফোন হ্যাকিং এর ঘটনার সরকারি এবং পুলিশী তদন্তসহ আগামী সপ্তাহে পার্লামেন্টের শুনানিতে পূর্ণ সহযোগিতা করার ফুরসৎ মিলবে বলে জানিয়েছেন তিনি।
ব্রুকস ২২ বছর নিউজ ইন্টারন্যাশনালে কাজ করেছেন। তার জায়গায় এখন স্থলাভিষিক্ত হচ্ছেন স্যাটেলাইট সম্প্রচারমাধ্যম স্কাই ইটালিয়ার প্রধান নির্বাহী টম মকরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৯ঘ.
bdnews24