নিউ ইয়র্ক, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কারাবন্দি কৃষ্ণাঙ্গরা স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত কৃষ্ণাঙ্গদের তুলনায় বেশি দিন বাঁচে।
নর্থ ক্যারোলিনার কারাবন্দিদের ওপর পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় একথা বলা হয়েছে। অ্যানালস অব এপিডেমিওলজিতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।
১৯৯৫-২০০৫ সাল পর্যন্ত নর্থ ক্যারোলিনার কারাগারে থাকা ২০-৭৯ বছর বয়সী প্রায় ১ লাখ বন্দির ওপর এ গবেষণা চালানো হয়। এদের মধ্যে ৬০ শতাংশই ছিলো কৃষ্ণাঙ্গ।
কি কারণে কারাবন্দিদের মৃত্যু হয় তা নির্ধারণে গবেষকরা কারাগার ও রাষ্ট্রীয় স্বাস্থ্যের তথ্য পর্যালোচনা করেন। এ থেকে প্রাপ্ত তথ্য তারা স্বাধীন জীবনযাপন করা একই বয়সী ও গোত্রের সাধারণ জনগণের মৃত্যুর তথ্যের সাথে তুলনা করেন।
এতে দেখা যায়, এক শতাংশেরও কম ব্যক্তি কারাগারে থাকা অবস্থায় মারা যায়। আর এক্ষেত্রে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদেও মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু কারাগারের বাইরে শ্বেতাঙ্গদের তুলনায় বয়স নির্বিশেষে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর হার অনেক বেশি।
গবেষণায় আরো দেখা যায়, কৃষ্ণাঙ্গ বন্দিরা বিশেষ করে মদ ও মাদকদ্রব্য সম্পর্কিত মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা এবং কিছু দীর্ঘমেয়াদী রোগ থেকে দূরে থাকে। কিন্তু শ্বেতাঙ্গ বন্দিদের ক্ষেত্রে এমনটি ঘটেনা। বরং বাইরে স্বাধীন জীবনযাপনকারীদের তুলনায় তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে।
স্বাধীন জীবন যাপনকারীদের তুলনায় শ্বেতাঙ্গ বন্দিদের মধ্যে হৃদরোগ ও ক্যান্সারে মৃত্যুর হার কিছুটা বেশি। অপরদিকে স্বাধীন জীবন যাপনকারী কৃষ্ণাঙ্গদের যেসব রোগে বেশি মৃত্যু হয় তার তুলনায় একই রোগে কারাবন্দি কৃষ্ণাঙ্গদের মৃত্যুর হার ৩০-৪০ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩০ ঘ.
bdnews24