মুম্বাই, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
ভারতের বাণিজ্যেক রাজধানী মুম্বাইয়ে বুধবার পৃথক তিনস্থানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বিভিন্নসূত্র ২১ জন নিহত হওয়ার খবর জানালেও সরকারিভাবে ১৮ জন নিহত হয়েছে বলে জানানো হয়। এতে আহত হয়েছেন ১৩৩ জন।
ওই হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মনমোহন সিং বলেন, পুলিশ ইসলামি জঙ্গি সংগঠন ভারতীয় মুজাহিদিনের আটক সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।
ওই ঘটনায় আহতদের সাথে কথা বলে বাইরে এসে মনমোহন বলেন, "এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা।"
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
মুম্বাইয়ের হামলার ঘটনা এমন সময় ঘটলো যখন মনমোহন প্রশাসন মন্ত্রীদের না কেলেঙ্কারির ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছে।
এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা এবং সিকিউরিটি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ পরীক্ষা করছে। এর পেছনে কারা দায়ী তা বলার সময় এখনো আসে নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ওই হামলার আগে আটক ভারতীয় মুজাহিদিনের কয়েকজন সদস্যকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ভারতের জঙ্গি গোষ্ঠী মুজাহিদিন সাধারণত বিভিন্ন শহরে রেস্টুরেন্ট, বাস স্টপেজ এবং ব্যস্ত সড়কে ছোট আকারের বোমা পুঁতে রাখার মাধ্যমে হামলা চালিয়ে থাকে।
এই গোষ্ঠীটির সাথে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে। পাকিস্তানি ওই সংগঠনটি ভারতীয় কাশ্মিরসহ অন্যান্য অঞ্চলে বিভিন্ন হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হয়।
বুধবার বিকেল ৬টা ৫৪ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরি বাজারে। এক মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়েরই ওপেরা হাউজে।
৭টা ছয় মিনিটে মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
তিনটি বোমাই এমন সময় বিস্ফোরিত হয় যখন মুম্বাইয়ের অধিবাসীরা কাজ শেষে ঘরে ফিরতে ব্যস্ত হয়ে ওঠে।
গত কয়েক বছর ধরে মুম্বাই সন্ত্রাসীদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। ১৯৯৩ সালে মুম্বাই স্টক এক্সচেঞ্জ ও অন্য কয়েকটি জায়গায় একযোগে বোমা হামলায় অন্তত দুইশ' ৬০ জন নিহত হয়।
২০০২ সালে জাভেরি বাজারে দুটি বোমা বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়। ২০০৬ সালে মুসলিম জঙ্গিরা মুম্বাইয়ের রেলে বোমা হামলা চালালে ২ শ' ৯ জনের বেশি মানুষ নিহত হয়।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে হোটেল তাজ ও রেলস্টেশনসহ তিনটি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত একশ ৭০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৮ ঘ.
bdnews24