২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্ডক ও জেমসকে পার্লামেন্টে তলব

ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক ও তার ছেলে জেমসকে আগামী সপ্তাহে ব্রিটেনের পার্লামেন্ট কমিটিতে ডেকে পাঠিয়েছে এমপি'রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

লন্ডন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক ও তার ছেলে জেমসকে আগামী সপ্তাহে ব্রিটেনের পার্লামেন্ট কমিটিতে ডেকে পাঠিয়েছে এমপি'রা। প্রথমে দুইজনই সেখানে হাজিরা দিতে অস্বীকৃতি জানালেও পরে তারা রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মার্ডক ও তার ছেলে জেমস মার্ডকের পার্লামেন্ট কমিটিতে হাজির না হওয়ার সিদ্ধান্তের সমালোচনা করার পর তারা সিদ্ধান্ত পাল্টেছেন বলে জানিয়েছে নিউজ কর্পোরেশন। এর আগে রুপার্ট মার্ডক কেবল ওই কেলেঙ্কারির সরকারি তদন্ত প্যানেলের সামনে হাজির হতে রাজি বলে জানিয়েছিলেন। অন্যদিকে, নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান জেমস মার্ডক বলেছিলেন, তিনি অন্য আরেকদিন পার্লামেন্টে যাবেন। আগামী মাসের আগে পার্লামেন্ট কমিটির সামনে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন তিনি। কেবল নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রেবেকাহ ব্রুকস আগামী সপ্তাহে পার্লামেন্টে হাজির হতে রাজি থাকার কথা জানিয়েছিলেন। ফোন হ্যাকিং কেলেঙ্কারিতে কয়েকজন পুলিশের ভূমিকাসহ রাজনীতিবিদ এবং মিডিয়া মালিকদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। এ সমস্ত প্রশ্নের জবাব এবং কেলেঙ্কারির ঘটনায় সাক্ষ্য দেওয়ার জন্যই আগামী মঙ্গলবার মার্ডক, জেমস এবং ব্রুকস তিনজনকে তলব করেছে হাউজ অব কমন্সের সাংস্কৃতিক, গণমাধ্যম ও ক্রীড়া কমিটি। মার্ডক এবং জেমস এর সম্মতির পর এখন কমিটিতে উপস্থিত থাকবেন তিনজনই। 'নিউজ অফ দ্য ওয়াল্ডর্' এর ফোন হ্যাকিং এর অভিযোগে ব্রিটেনের পুলিশ বৃহস্পতিবার সর্বশেষ একজনকে গ্রেপ্তার করেছে। এ বছর জানুয়ারিতে ফোন হ্যাকিং এর তদন্ত নতুন করে শুরুর পর এ নিয়ে ৯ জন গ্রেপ্তার হলো। এতে করে মার্ডকের ওপর চাপ বাড়ছে। আকর্ষণীয় শিরোনামে খবর প্রচারের জন্য ফোনে আড়ি পাতা এবং ভয়েস মেইল চুরির অভিযোগের কারণে মার্ডক ইতোমধ্যেই 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' ট্যাবলয়েড সাপ্তাহিকী বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। সেইসঙ্গে লাভজনক স্যাটেলাইট সম্প্রচারমাধ্যম বিস্কাইবি'র পূর্ণ মালিকানা নেওয়ার চিন্তাও বাদ দিতে হয়েছে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩৫৬ ঘ.