ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। পাশাপাশি এ হামলায় সরকারি হিসেব অনুযায়ী ১৭ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছে বলে জানান তিনি।
এরআগে মুম্বাইয়ে বুধবারের এই হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে বলে বেসরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে।
চিদাম্বরম জানান, ওই সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া অন্য ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৮২ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
তবে এ হামলার সঙ্গে কারা জড়িত এ ব্যাপারে তিনি কোনো কিছু বলেন নি বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবন প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, বুধবার বিকেল ৬টা ৫৪ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরি বাজারে। এক মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়েরই ওপেরা হাউজে। ৭টা ছয় মিনিটে মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
এ সময় কর্মক্ষেত্র থেকে মুম্বাইবাসীরা ঘরে ফিরে থাকেন।
গত কয়েক বছর ধরে মুম্বাই সন্ত্রাসীদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।
১৯৯৩ সালে মুম্বাই স্টক এক্সচেঞ্জ ও অন্য কয়েকটি জায়গায় একযোগে বোমা হামলায় অন্তত দুইশ' ৬০ জন নিহত হয়।
২০০২ সালে জাভেরি বাজারে দুটি বোমা বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়।
২০০৬ সালে মুসলিম জঙ্গিরা মুম্বাইয়ের রেলে বোমা হামলা চালালে ২ শ' ৯ জনের বেশি মানুষ নিহত হয়।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে হোটেল তাজ ও রেলস্টেশনসহ তিনটি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত একশ ৭০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/সিআর/১১৪৮ ঘ.
bdnews24