ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় নিন্দা ও দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহমিনা জানজুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, 'প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সরকার ও পাকিস্তানের জনগণ মুম্বাই হামলার নিন্দা জানাচ্ছে এবং এতে হতাহতের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করছে।'
বিকেল ৬টা ৫৪ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরী বাজারের একটি স্বর্ণালঙ্কারের দোকানে। এক মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়েরই ওপেরা হাইজে। ৭টা ছয় মিনিটে মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে একটি গাড়িতে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
গত মাসে রাজধানী দিল্লির হাই কোর্টের বাইরে ক্ষুদ্র একটি বিস্ফোরণের পর সেখানে কিছু মাত্রায় আতঙ্ক বিরাজ করে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবারের তিন বিস্ফোরণের জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ ইন্ডিয়ান মুজাহিদিনকে সন্দেহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫২ ঘ.
bdnews24