২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা পরিষদের শাসন অবসানে কায়রোয় বিক্ষোভ

মিশরে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সেনা পরিষদের নেতা মোহাম্মেদ হুসেইন তানতাবির প্রতি ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সেনা পরিষদের নেতা মোহাম্মেদ হুসেইন তানতাবির প্রতি ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। আর এ লক্ষ্যে কায়রোর তাহরির (স্বাধীনতা) চত্বরে আবারো অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে মিশরের জনগণ। আল জাজিরা এক খবরে জানায়, হাজার হাজার মিশরীয় ক্ষমতাসীন সেনা পরিষদের শাসন অবসানের দাবিতে মঙ্গলবার কায়রোর কেন্দ্রস্থলে অবস্থিত মন্ত্রিসভার সদরদপ্তরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। সেনা পরিষদের বিরুদ্ধে পাঁচদিন ধরে কায়রোর স্বাধীনতা চত্বরে বিক্ষোভ চলছে। এ আন্দোলন বন্ধে সব ধরনের আইনি উপায় অবলম্বন করা হবে বলে সেনা পরিষদ হুমকি দিলে আন্দোলনকারীরা এই বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। আন্দোলনকারীরা স্বাধীনতা চত্বর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় , "সেনা শাসন নিপাত যাক", বলে স্লোগান দেয়। তানতাবির দিকে ইঙ্গিত করে আন্দোলনকারীরা চিৎকার করে, "জনগণ ফিল্ড মার্শালের অপসারণ চায়।" তানতাবি মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রায় দুই দশক তিনি ওই দায়িত্ব পালন করেন। গত শুক্রবার থেকে কায়রোয় সেনা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাপক গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। ওই গণআন্দোলনের পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১৬ ঘ.