ওয়াশিংটন, জুলাই ১৩ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনে ২০০৫ সালে পরিবহন ব্যবস্থার ওপর আত্মঘাতী বোমা হামলা চালায় আল কায়েদা। আর এ বিষয়টি সম্পর্কে আগে থেকেই জানতেন ওসামা বিন লাদেন।
বিন লাদেনের অংশগ্রহণে পরিকল্পিত এটিই আল কায়েদার সর্বশেষ সফল হামলা বলে মার্কিন বিশেষজ্ঞরা দাবি করেছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, ২০০৬ সালে মার্কিন ট্রান্সআটলান্টিক ফ্লাইটগুলোতে লন্ডন থেকে হামলা চালানোর যে পকিল্পনা করা হয়েছিল সে বিষয়টিও বিন লাদেনের জানা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, "আমরা সবকিছু বিবেচনা করেই বলছি, আল কায়েদার প্রতিটি বড় হামলা পরিকল্পনার সাথেই বিন লাদেন জড়িত ছিলেন। এর মধ্যে ২০০৫ সালের ৭ জুলাই লন্ডন হামলা, ২০০৬ সালের লন্ডনে যুক্তরাষ্ট্রের বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, সবই তিনি জানতেন"।
কর্মকর্তাদের মধ্যে অপর একজন জানান, "সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আমাদের বিশ্বাস জন্মেছে, বিন লাদেন আল কায়েদার পরবর্তী প্রতিটি অভিযান সম্পর্কে জানতেন"।
কর্মকর্তারা দাবি করছেন, সব তথ্যপ্রমাণ সাক্ষ্য দেয়, বিন লাদেনের সাথে আল কায়েদার অন্যান্য জঙ্গিদের নিবিড় যোগাযোগ ছিল।
২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের তিনটি পাতাল ট্রেনে ও একটি দ্বিতলবাসে আল কায়েদার ৪ জঙ্গির আত্মঘাতী হামলায় ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়। এতে আহত হয় কয়েকশ' মানুষ।
"এটিই আল কায়েদার শেষ সফল হামলা যা ওসামা বিন লাদেন দেখে গেছেন", বলেন অন্য এক মার্কিন কর্মকর্তা।
পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের গোপন আস্তানায় চলতি বছরের ২ মে যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোদের আকস্মিক অভিযানে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন।
ওই সময় সেখান থেকে বিন লাদেনের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য উদ্ধার করা হয়। এসব তথ্যের সাথে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মার্কিন বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৫ ঘ.
bdnews24