২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির বিবৃতি উস্কানিমূলক : সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিবৃতিকে উস্কানিমূলক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে সিরীয় সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিবৃতিকে উস্কানিমূলক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে সিরীয় সরকার। আসাদের অনুসারীরা সোমবার দামেস্কে যুক্তরাষ্ট্র ও ফরাসি দূতাবাসে হামলা চালানোর পর এক বিবৃতিতে হিলারি বলেন, "প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন।" পাশাপাশি হিলারি আরো বলেন, সিরিয়ার জন্য তিনি (আসাদ) "অপরিহার্য নন"। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, "আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতির কঠোর নিন্দা জানাচ্ছে সিরিয়া। অভ্যন্তরীণ উত্তেজনাকে লক্ষ করেই এই উস্কানিমূলক বিবৃতি দেওয়া হয়েছে।" সানা আরো জানায়, "সিরিয়ার আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবেরই আরেকটি প্রমাণ হচ্ছে এই বিবৃতি। সিরীয় নেতৃত্বের বৈধতা যুক্তরাষ্ট্রের ওপর নয় দেশের জনগণের ওপর নির্ভরশীল।" কয়েকমাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে গণআন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন বাশার। তিনি জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে শত শত আন্দোলনকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ হামা শহরে আসাদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়লে সেখানে ট্যাংকসহ সেনা মোতায়েন করেন আসাদ। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড হামা পরিদর্শন করেন। কিন্তু এ ক্ষেত্রে ফোর্ড সিরীয় সরকারের কাছ থেকে অনুমতি গ্রহণ করেন নি বলে দেশটির প্রশাসন অভিযোগ তোলে। কিন্তু যুক্তরাষ্ট্র এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, সিরীয় সরকারকে যথাযথভাবে অবহিত করেই হামা পরিদর্শনের সূচি চূড়ান্ত করা হয়। তবে রবার্ট ফোর্ডের নাম উল্লেখ করা হয় নি বলে যুক্তরাষ্ট্র জানায়। হামা পরিদর্শন করে আসার পর সোমবার দামেস্কে মার্কিন ও ফরাসি দূতাবাসে হামলা চালায় আসাদ অনুসারীরা। ওই হামলার পরিপ্রেক্ষিতে হিলারি প্রেসিডেন্ট আসাদ সম্পর্কে ওই মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫২ ঘ.