মিসরাতা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেতা মুয়াম্মার গাদ্দাফিকে মঞ্চ থেকে সরানোর মধ্য দিয়ে লিবিয়া যুদ্ধের রাজনৈতিক সমাধান চায় ইতালি। আলজেরিয়ার এক দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।
আলজেরিয়ার দৈনিক আল খবর পত্রিকায় মঙ্গলবার এ সাক্ষাৎকারে প্রকাশিত হয়।
এতে পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনি বলেন, "আমারা এ বিষয়ে নিশ্চিত হয়েছি যে লিবিয়ার সঙ্কটের একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন। যার মাধ্যমে লিবিয়ার লড়াইয়ের অবসান হবে এবং ক্ষমতায় থাকার সব বৈধতা হারানো গাদ্দাফি, মঞ্চ ত্যাগ করবে। এরপর লিবিয়ার সব পক্ষের সমন্বয়ে সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে।"
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি লিবিয়ায় ন্যাটোর মিশন নিয়ে মতদ্বৈধতা প্রকাশ করার এবং লিবিয়ার সঙ্কট সমাধানে ফ্রান্স তৎপরতা কমানোর পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী একথা বললেন।
ইতালির ঘাঁটি ব্যবহার করেই লিবিয়ায় বোমা বর্ষণ করে ন্যাটোর বিমানগুলো।
লিবিয়ায় গাদ্দাফির ৪১ বছরের শাসনাবসানের লড়াইয়ে বিদ্রোহীদের ব্যর্থতা প্রতীয়মাণ হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্কট সমাধানে কূটনৈতিক সমঝোতার চাপ বৃদ্ধি পাচ্ছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর সপ্তরে লিবিয়া বিষয়ক জাতিসংঘের শান্তিদূত আব্দুল ইলাহ আল খতিব, লিবিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতি তাদের মধ্যকার পরোক্ষ আলোচনা কে প্রত্যক্ষ আলোচনায় রূপ দেওয়ার অহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে দুপক্ষের অবস্থান অনেক দূরে বলে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি স্বীকার করেন।
কয়েকমাসের হামলার পরও লিবিয়ার যুদ্ধে কোন ফল না হওয়ার বিরক্ত ফ্রান্স গাদ্দাফি সরকারের সঙ্গে আলোচনা করে যুদ্ধ শেষ করার জন্য বিদ্রোহীদের ওপর চাপ বৃদ্ধি করছে।
কিন্তু ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপ্পে সোমবার বলেছেন, গাদ্দাফির বাহিনীর ওপর ন্যাটোর সামরিক চাপ অব্যাহত রাখা উচিত এবং গাদ্দাফিকে বোঝানো দরকার যে ক্ষমতা থেকে না সরলে যুদ্ধ বন্ধ হবে না।
একইসঙ্গে ফ্রান্সের সাথে গাদ্দাফি সরকারের আলোচনা চলছে বলে সোমবার গাদ্দাফির ছেলে সাইফের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর অস্বীকার করেছে ফ্রান্স।
তারা জানিয়েছে, গাদ্দাফি সরকারের সঙ্গে তাদের সরাসরি কোন আলোচনা চলছে না। তবে পরোক্ষ আলোচনা চলার কথা স্বীকার করেছে ফ্রান্স।
ওদিকে, বাগদাদ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেত্তা সোমবার যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বলেছেন, " খোলাখুলি বললে, লিবিয়া নিয়ে বর্তমান সমস্যা হচ্ছে আগামী নব্বই দিনের মধ্যে লিবিয়া অভিযানে আছে এমন অনেক দেশের সামর্থ্যই ফুরিয়ে যাবে, তাই আপনারা জানেন, যে শূন্যতা তৈরি হবে তা পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তাই কামনা করা হবে"।
তবে কোন কোন দেশর সামর্থ্য ফুরিয়ে যাবে তার নাম উল্লেখ করেননি তিনি।
ওদিকে, লিবিয়ার প্রধান দুই যুদ্ধক্ষেত্রের অন্যতম মিসরাতায় বিদ্রোহীরা নিকটবর্তী জ্লিতান শহরে অবস্থানরত গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা অবস্থান সংহত করেছে। আল বশির নামের ২৯ বছর বয়স্ক এক বিদ্রোহী সেনা জানিয়েছে তারা প্রয়োজনীয় গোলাবারুদের জন্য অপেক্ষা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫১ঘ.
bdnews24