২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সন্দেহভাজন মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন অন্তত ৪৫ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

মিরানশা (পাকিস্তান), জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সন্দেহভাজন মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন অন্তত ৪৫ জঙ্গি নিহত হয়েছে। আফগান সীমান্তের কাছে ২৪ ঘণ্টারও কম সময়ে পৃথক তিন দফা হামলায় জঙ্গিরা নিহত হয় বলে মঙ্গলবার স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা জানান। উত্তর ওয়াজিরিস্তানে সোমবার রাতে জঙ্গিদের বহনকারী একটি গাড়ি লক্ষ করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এতে জঙ্গিদের একটি কম্পাউন্ডের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ জঙ্গি নিহত হয় বলে ওই কর্মকর্তা জানান। কর্মকর্তা আরো জানান, সোমবার রাতের পর মঙ্গলবার সকালে দক্ষিণ ওয়াজিরিস্তানে আবারো ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন থেকে আরো দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, "জঙ্গিদের আস্তানায় প্রবেশরত একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে।" স্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের বিবৃতি অনুযায়ী রয়টার্সের হিসেবে জুন থেকে এ পর্যন্ত মার্কিন ড্রোন হামলায় ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে পাকিস্তান নিয়মিত অভিযোগ করে থাকে। তাদের দাবি, এসব হামলার ফলে পাকিস্তানি জনগণের সমর্থন আদায় ও সীমান্তে জঙ্গিদের নির্মূলে ইসলামাবাদ জটিলতার সম্মুখীন হচ্ছে। গত বছরের জানুয়ারিতে সিআইএ'র এক ঠিকাদার দুই পাকিস্তানি নাগরিককে হত্যা করার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে এক গোপন আস্তানায় মার্কিন কমান্ডো হামলায় আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্কে আরো অবনতি ঘটে। বিন লাদেন হত্যা মিশনকে পাকিস্তান তার সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিযোগ করেছে। চলতি সপ্তায় পাকিস্তানকে দিতে চাওয়া ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মার্কিন সেনা প্রশিক্ষক কমানো, মার্কিন নাগরিকদের ভিসা সীমিতকরণসহ পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টিই প্রকাশ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমডি/এলকিউ/১৮১৮ঘ.