২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও তাহরির চত্বরে জড়ো হওয়ার ডাক

সেনা সমর্থিত সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে এই অভিযোগে জনগণকে আবারো কায়রোর তাহরির চত্বরে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মিসরের আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

কায়রো, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সেনা সমর্থিত সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে এই অভিযোগে জনগণকে আবারো কায়রোর তাহরির চত্বরে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মিসরের আন্দোলনকারীরা। আন্দোলনকারী তরুণদের একটি দল ফেসবুকের মাধ্যমে রোববার এ আহ্বান জানায়। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে তারা। গত ফেব্রুয়ারিতে গণঅভ্যূত্থানের মাধ্যমে হোসনি মুবারককে ক্ষমতা থেকে উৎখাত করার পর অন্তবর্তীকালীন সেনা পরিষদ দেশের দায়িত্ব নেয়। ওই বিক্ষোভের সময় হতাহতের ঘটনায় ৩ অগাস্ট থেকে ওই অভিযোগে মুবারকের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রী এসাম শরফের বক্তব্য আন্দোলনকারীদের ক্ষোভ আরো উসকে দেয়। ওই বক্তব্যে শরফ দাবী বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। মুবারক বিরোধী বিক্ষোভের প্রাণকেন্দ্র তাহরির চত্বরে আন্দোলকারীদের উদ্দেশ্যে এক বক্তা বলেন, প্রধানমন্ত্রী শারফকে 'লালকার্ড' দেখানোর সময় হয়ে গেছে। বিক্ষোভকারীরা তাহরির চত্বরের প্রধান সড়কগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে ও সেখানে একটি ব্যানার টানিয়েছে, তাতে লেখা , "পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত জনতার অবাধ্যতা চলবে"। বিশ্লেষকরা জানিয়েছেন, জনরোষ এড়াতে চাইলে অন্তবর্তীকালীন সরকারকে আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে হবে। রোববার সারারাত কয়েক হাজার আন্দোলনকারী তাঁবু খাঁটিয়ে তাহরির চত্বরে অবস্থান করেন। এসময় তারা মঞ্চে রাজনৈতিক কবিতা পড়ে, গিটার ও বেহালা বাজিয়ে আন্দোলন জমিয়ে রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৭৪৬ ঘ.