ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও বিস্ফোরণের পৃথক দু'টি ঘটনায় অন্ততপক্ষে পাঁচ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
সোমবার দেশটির খাইবার পাখতুয়া প্রদেশে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা ও রাজধানী ইসলামাবাদের সীমান্তবর্তী সিহালা এলাকায় সেনাবাহিনীর অস্ত্রাগারের কাছে বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও এনডিটিভি এ খবর জানায়।
খাইবার পাখতুয়া প্রদেশের ভট্টাগ্রাম জেলায় পাকিস্তান মুসলিম লিগ (কিউ)-এর জ্যেষ্ঠ নেতা আমের মুকাম একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সাদা পোশাক পরিহিত এক তরুণ এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
ওই তরুণের চলাফেরায় সন্দেহ দেখা দিলে তাকে অনুসরণ করে পুলিশ। কিন্তু তরুণটি পুলিশকে তার কাছাকাছি আসতে নিষেধ করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অস্ত্র বের করলে তরুণটি তার দেহের সাথে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশও মারা যায়।
তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয় নি। তবে তালেবান ও আল কায়েদা ওই অঞ্চলে বেশ তৎপর।
অন্যদিকে রাজধানী ইসলামাবাদের কাছে সেনা অস্ত্রাগারে তিনটি বিস্ফোরণ ঘটে। রাওয়ালপিন্ডি থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত সিহালায় দুর্ঘটনাবশত এটি ঘটেছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।
বিস্ফোরণে আগুন লেগে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাসদস্য ও পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের অস্ত্রাগারের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অস্ত্রাগার থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে সামরিক হাসপাতালের দিকে যেতে দেখেছেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও পাকিস্তানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বেশ কিছু সুযোগ সুবিধাসহ সিহালা এলাকায় কয়েকটি সরকারি ভবন রয়েছে। আর এলাকাটিতে সবসময় কড়া নিরাপত্তা বলবৎ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/এফএফ/সিআর/১৫৫৮ ঘ.
bdnews24