ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এতে অন্ততপক্ষে ১৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এরআগে ওই দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার খবর জানানো হয়। তবে নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করেছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১২শ' যাত্রী নিয়ে হাওড়া থেকে নয়া দিল্লির উদ্দেশ্যে কলকা মেল ট্রেনটি যাত্রা করার পর উত্তর প্রদেশের ফতেহপুর জেলার মালভা স্টেশনের কাছাকাছি রোববার স্থানীয় সময় দুপুর ১২ টা ২০ মিনিটে দুর্ঘটনার শিকার হয়। এতে ১৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
উত্তর প্রদেশের কেন্দ্রীয় রেলওয়ের ব্যবস্থাপক এইচ সি যোশি জানান, দুর্ঘটনাকবলিত হওয়ার সময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১০৮ কিলোমিটার। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তিনি কোনোকিছু জানাতে পারেন নি।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ১৬৫ জন যাত্রী নিয়ে অপর একটি বিশেষ ট্রেন সোমবার সকালে দিল্লি পৌঁছে।
আহত সব যাত্রীকে কানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার তৎপরতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাকে অবহিত করার জন্য বলেছেন।
দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ ও গুরুতর আহতদের জনপ্রতি ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১০ ঘ.
bdnews24