২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার পরাজয় হাতের মুঠোয়: পানেত্তা

আল কায়েদার পরাজয় হাতের নাগালে চলে এসেছে। যুক্তরাষ্ট্র আল কায়েদা ও এর সঙ্গে জড়িত অন্যান্য দলগুলোর ২০ জন নেতাকে ধরতে কিংবা মেরে ফেলতে পারলেই তাদেরকে পরাজিত করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

কাবুল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আল কায়েদার পরাজয় হাতের নাগালে চলে এসেছে। যুক্তরাষ্ট্র আল কায়েদা ও এর সঙ্গে জড়িত অন্যান্য দলগুলোর ২০ জন নেতাকে ধরতে কিংবা মেরে ফেলতে পারলেই তাদেরকে পরাজিত করা যাবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেত্তা শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছে একথা বলেছেন। পহেলা জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী দায়িত্বগ্রহণের পর এই প্রথম আফগানিস্তানে গেছেন তিনি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)'র সাবেক প্রধান পানেত্তা বলেন, "আমরা আল কায়েদাকে কৌশলগতভাবে পরাজিত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। আমার সাবেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আমি সে বিষয়টিতে নজর দিতে পারবো বলেই আশা করি।" তিনি আরো বলেন, "ওসামা বিন লাদেনকে হত্যার পর এখন তাদের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার সময় এসেছে। এ ধারা অব্যাহত রাখলে আল কায়েদার হুমকি (যুক্তরাষ্ট্রের প্রতি) সত্যিই কমানো যাবে।" যুক্তরাষ্ট্র আল কায়েদার কোন কোন নেতাকে খুঁজছে সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। তবে আল কায়েদার ইয়েমেনি শাখার উর্ধ্বতন নেতা আনওয়ার আল-আওলাকি এবং আল কায়েদার নতুন প্রধান আয়মান আল-জাওয়াহিরির তালিকায় আছেন-- এমন ইঙ্গিত দিয়েছেন পানেত্তা। জাওয়াহিরি এখনও পাকিস্তানের আদিবাসী অঞ্চলে আছেন বলেই তার ধারণা। পানেত্তা বলেন, "পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় আল কায়েদার প্রায় ১০ থেকে ২০ জন গুরুত্বপূর্ণ নেতা রয়েছে। তাদের ওপর চড়াও হতে পারলে সত্যিই আল কায়েদার কৌশলগত পরাজয় ঘটবে বলে আমি মনে করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৯ ঘ.