২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার অবকাশযাপন কেন্দ্রের উপর থেকে বিমান আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডের আকাশ থেকে দুটি বেসামরিক বিমান আটক করেছে দেশটির বিমান বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ওয়াশিংটন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডের আকাশ থেকে দুটি বেসামরিক বিমান আটক করেছে দেশটির বিমান বাহিনী। আলাদা দুটি ঘটনায় বিমানগুলো আটক করার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ওই অবকাশ কেন্দ্রে ছিলেন। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে ঘটনা দুটি ঘটে। বিমান দুটি বিনাঅনুমতিতে প্রেসিডেন্টের অবকাশ কেন্দ্রের আকাশসীমায় প্রবেশ করে। উভয়ক্ষেত্রেই বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান তাদেরকে আটক করে এবং কোনো দুর্ঘটনা ছাড়াই নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করায় বলে জানায় উত্তর আমেরিকার এরোস্পেস ডিফেন্স কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার বিল লুইস। একটি সাধারণ বেসামরিক বিমান হিসেবে শনাক্তকৃত প্রথম বিমানটি বেতার যোগাযোগের বাইরে ছিল। দুটি যুদ্ধ বিমান এটিকে ঘেরাও করে নিকটবর্তী বিমান বন্দরে অবতরণে বাধ্য করে। অপরটি সেসনা ২১০ বিমান। এটিকেও বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান ঘেরাও করে মেরিল্যান্ডের অন্য একটি বিমান বন্দরে অবতরণ করায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানা যায়নি। বারাক ওবামা ক্যাম্প ডেভিডে অবকাশ যাপনকালে গত এক মাসে চতুর্থবারের মতো এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে গত ২ জুলাই একটি ও গত ১১ জুন অপর একটি বিমান ক্যাম্প ডেভিডের আকাশসীমা থেকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মেরিল্যান্ড পর্বতমালার কাছে অবস্থিত ক্যাম্প ডেভিড এলাকাটি গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এএমটি/১৪৩০ ঘ.