টোকিও, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত উত্তরপূর্ব জাপানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রোববার ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসেবে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক শূন্য। জাপানের স্থানীয় সময় সকাল ১০টার কয়েক মিনিট আগে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল জাপানের উত্তরপূর্ব উপকূলভাগে ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর নতুন করে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়। তবে ভূমিকম্পে পরমাণু কেন্দ্রটিতে নতুন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাত্র চার মাস আগে গত ১১মার্চ একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে ২১ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়। ফুকুশিমা জেলার দাইচি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে গত ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনার কারণ হয়।
তেজস্ক্রিয় দুষণ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ও প্রশান্ত মহাসাগরে।
মোট বস্তুগত হিসেবে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এটিকে চিহ্নিত করা হচ্ছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩১১ ঘ.
bdnews24