গুয়েতেমালা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার লোকগীতি গায়ক ফাকুন্দো কাব্রাল গুয়েতেমালায় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
গুয়েতেমালার প্রেসিডেন্ট আলভারো কলামের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে গুয়েতেমালার রাজধানী গুয়েতেমালা সিটির একটি হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার পথে হামলার মুখে পড়েন কাব্রাল।
তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ হামলার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি গুয়েতেমালা কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট আলভারোর মুখপাত্র হুয়ান ম্যানুয়েল বলেন, "তার গাড়িতে ১৮টি গুলি লেগেছে।"
এ ঘটনায় অন্য একজন আহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ল্যাটিন আমেরিকার অন্যতম জনপ্রিয় এ গায়ক গুয়েতেমালা সফর করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১৪৩ ঘ.
bdnews24