লন্ডন, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি রোববার ব্রিটিশদের দিন শুরুর অন্যতম অনুষঙ্গ ছিলো 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'। ফোন হ্যাকিংয়ের অভিযোগ মাথায় নিয়ে ট্যাবলয়েডটি বন্ধ হয়ে যাওয়া ছুটির দিন পানসে করে দেবে বলে অভিমত অনেক ব্রিটিশের।
অপরাধ আর যৌন বিষয়ক খবর প্রচার করে ব্যাপক বিকোতো রুপার্ট মর্ডাকের এ পত্রিকাটি। হিসাব কষে দেখা যায়, ৬ কোটি মানুষের যুক্তরাজ্যে প্রতি রোববার 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'র প্রচার সংখ্যা ছিলো ৭৪ লাখ।
বিভিন্ন ব্যক্তির ফোনে আড়ি পাতায় সাংবাদিকদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর ১৬৮ বছরের পুরনো পত্রিকাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্ডক, যাকে সংবাদপত্র জগতের অন্যতম চুড়োমণি হিসেবে দেখা হয়। এ রোববারই শেষ সংখ্যা বের হবে ট্যাবলয়েডটির।
'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'র ইতিহাসের শুরু বহু আগে, ১৮৪৩ সালের ১ অক্টোবর এর যাত্রা শুরু হয়। প্রকাশক জন ব্রাউন লক্ষ্য ছিলো শুরু থেকেই কাটতি বাড়ানো। যৌনতা আর অপরাধের খবর উপজীব্য করে বের হওয়া তিন পেন্সের এ পত্রিকাটি দ্রুতই সাড়া ফেলে।
১৮৮০ সাল নাগাদ এর প্রচার সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। ৪০ বছরে এটি ছাড়িয়ে যায় ১০ লাখের কোঠা। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের দেওয়া তথ্যে দেখা যায়, ১৯৫০ এর দশকে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি বিক্রি হতো। তখন এর প্রচার সংখ্যা ছিলো ৮০ লাখ।
রমরমা অবস্থাতেই পত্রিকাটি কিনে নেন রুপার্ট মার্ডক, ১৯৬৯ সালে। এরপরও ব্যবসার একই গতি ধরে রেখেছিলো পত্রিকাটি।
নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের বিষয়ে মত প্রকাশ করতে গিয়ে পলমল গেজেটের সম্পাদক ফ্রেডেরিক গ্রিনউড এক সময় বলেছিলেন, "আমি পত্রিকাটি দেখি, তারপর ময়লার ঝুড়িতে ফেলে দিই। এরপর ময়লার ঝুড়ি থেকে আবার তুলে নিই। কারণ যে ময়লা সরাবে সে পত্রিকাটি পড়তে পারে। তাই পত্রিকাটি পুড়িয়েই ফেলি।"
বোদ্ধামহলে রোববারের এ পত্রিকাটির কোনো প্রভাব না থাকলেও সাধারণ মানুষের কাছে এর বেশ চাহিদা ছিলো।
প্রভাবশালী সাময়িকী টাইম বলছে, "কারো ডিভোর্স, কারো স্ক্যান্ডাল, অপহরণ, খুন, যৌনতা- সবমিলিয়ে প্রতি রোববার সকালে জমাট একটা 'খাবার' ছিলো নিউজ অফ দ্য ওয়ার্ল্ড।"
নিউজ অফ দ্য ওয়ার্ল্ড নেই মানে, রোববার এসেছে অথচ চার্চে ঘণ্টা নেই- বললেন এক ব্রিটিশ, যাতে সহমত প্রকাশ করলেন অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০২৫ ঘ.
bdnews24