ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচিতে দুটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বুধবার এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়।
প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, "অজ্ঞাত অস্ত্রধারীরা বানারাস চোয়াকের পার্শ্ববর্তী রাস্তায় দুটি বাসে যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১০ জন যাত্রী নিহত ও ২০ জন যাত্রী আহত হন।"
পাকিস্তানের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আল জাজিরাকে জানান, করাচির বিভিন্ন অঞ্চলে গোলাগুলিতে আরো ১৫ জন মারা গেছেন। ফলে বৃহস্পতিবার নাগাদ গুলিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
গত মঙ্গলবার থেকে শহরটিতে রাজনৈতিক ও জাতিগত সহিংসতা শুরু হয়। এ ছাড়া ওরাঙ্গি, লিয়ারি, বালদিয়া শহর সহ গুলশান-ই-ইকবাল অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রাশিদ মিনহাস সড়ক থেকে অস্ত্রধারীরা একটি মিনিবাস ছিনতাই করে। বাসটিতে আরোহী পাঁচজনকে লক্ষ করে গুলি চালায় অস্ত্রধারীরা। এদের মধ্যে তিনজনকে মাথায় গুলি করা হয় যারা ছিলেন একই পরিবারভুক্ত।
এসব ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন শতাধিক মানুষকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
করাচিতে জাতিগত বা ধর্মীয় দাঙ্গায় হত্যাকা-সহ অন্যান্য অপরাধমূলক কর্মকা- এবং অপহরণের ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছে গেছে।
এরআগে মঙ্গলবার পাকিস্তানের মানবাধিকার কমিশন দাবি করেছে, ২০১১ সালের প্রথম ছয় মাসেই করাচিতে সহিংসতায় ১১ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
তবে মানবাধিকার কমিশনের ওই পরিসংখ্যানে চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তায় নিহত ৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয় নি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিকের প্রধান স্যাম জারিফি বলেন, "গত দুই বছরে পাকিস্তানে হত্যা ও নিরাপত্তাহীনতা এতোটাই উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে যে, তা দেশটির সার্বিক আইন পরিস্থিতির চরম অবনতিকেই নির্দেশ করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩১ ঘ.
bdnews24